রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিএনপিকে পরাজিত করতে ষড়যন্ত্র শুরু হয়েছে : রাশেদ খান

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৪, ২০২৬, ১০:৪১ পিএম

বিএনপিকে পরাজিত করতে ষড়যন্ত্র শুরু হয়েছে : রাশেদ খান

ঝিনাইদহ-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন বিএনপিকে পরাজিত করতে বর্তমানে নানা ধরনের গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। এই চক্রান্ত মোকাবেলা করার দায়িত্ব কেবল প্রার্থীর নয় বরং সাধারণ মানুষ ও নেতাকর্মী সবার। 

আজ শনিবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান তার বক্তব্যে সতর্ক করে দিয়ে বলেন এই আসনে যদি ধানের শীষ পরাজিত হয় তবে সেটি হবে দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের পরাজয়। তিনি বলেন ঝিনাইদহ-৪ আসনে বিএনপি হেরে গেলে তারেক রহমানের সিদ্ধান্ত হেরে যাবে। 

যারা তারেক রহমানের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের বিষয়ে ভোটারদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। রাশেদ খান বলেন বিদ্রোহী প্রার্থীদের প্রত্যাখ্যান করে শহীদ জিয়ার আদর্শকে জয়ী করার সময় এসেছে।দলের অভ্যন্তরীণ কোন্দল ও ঐক্য নিয়ে কথা বলতে গিয়ে রাশেদ খান উল্লেখ করেন যে গ্রুপিংয়ের রাজনীতির মাধ্যমে দলের কোনো লাভ হয় না।

 তিনি বলেন দলের মধ্যে পদের প্রতিযোগিতা থাকতে পারে তবে তা যেন প্রতিহিংসায় রূপ না নেয়। ঝিনাইদহে আজ যে ঐক্যবদ্ধ বিএনপির চিত্র দেখা যাচ্ছে তা বজায় থাকলে এই আসনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। সভায় অন্যদের মধ্যে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন যারা আগামী নির্বাচনে রাশেদ খানের পক্ষে সর্বাত্মক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।