রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

১৫ বছর ভোট কেড়ে নিয়েছে হাসিনা ও প্রশাসন, এবার ভোট দিতে চাই: ফখরুল

রবিউল এহ্সান রিপন

জানুয়ারি ২৮, ২০২৬, ০৪:৩১ পিএম

১৫ বছর ভোট কেড়ে নিয়েছে হাসিনা ও প্রশাসন, এবার ভোট দিতে চাই: ফখরুল

ছবি-দিনাজপুর টিভি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা, পুলিশ ও প্রশাসন সাধারণ মানুষের ভোট কেড়ে নিয়েছে। আমরা দীর্ঘ সময় ভোট দিতে পারিনি, কিন্তু এবার আমরা নির্ভয়ে নিজের ভোট নিজে দিতে চাই।বুধবার (২৮ জানুয়ারি, ২০২৬) ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মলানি ও ছেপড়িকুড়া এলাকায় আয়োজিত একাধিক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, "আমরা এখানে অনেক নির্যাতিত হয়েছি। প্রিজাইডিং অফিসার হত্যার মিথ্যা মামলায় আমাদের নেতাকর্মীরা চরম ভোগান্তির শিকার হয়েছে। হিন্দু-মুসলিমসহ সব ধর্মাবলম্বী ভাই-বোনরা এবার একসঙ্গে ভোট দিতে চাই। আপনারা সবাই নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন।

বিগত সময়ের দুঃসহ স্মৃতি স্মরণ করে তিনি বলেন, "এখন আমরা অন্তত শান্তিতে ঘুমাতে পারছি। মিথ্যা মামলার সেই ভয়াবহ ভোগান্তি এখন আর নেই, ধানের ক্ষেতে রাত কাটাতে হচ্ছে না।"

দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রতিশ্রুতি দিয়ে বিএনপি মহাসচিব বলেন, "দেশটাতে এখন শান্তি খুব প্রয়োজন। আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করলে সবার আগে দেশে স্থায়ী শান্তি ফিরিয়ে আনব। আমরা কোনো প্রতিশোধ নেব না, আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না। আমরা চাই এ দেশে শান্তি পুনরায় প্রতিষ্ঠিত হোক।

ব্যক্তিগত সততার কথা উল্লেখ করে ফখরুল বলেন, "মানুষের জন্য কাজ করতে গিয়ে পৈতৃক বসতবাড়ির অর্ধেক বিক্রি করে দিয়েছি। মানুষের উপকার করে বিনিময়ে কারও কাছ থেকে এক কাপ চাও পান করিনি।" পথসভা শেষে তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ গড়ার আহ্বান জানান।