সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০২:২৩ পিএম
রাষ্ট্র পরিচালনার সুযোগকে বিএনপি ক্ষমতা হিসেবে নয়, বরং জনগণের আমানত ও দায়িত্ব হিসেবে বিবেচনা করে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি উল্লেখ করেন, জনগণের প্রয়োজন মেটানো, নাগরিক দুর্ভোগ লাঘব করা এবং জাতীয় অর্থনৈতিক বিকাশ নিশ্চিত করতে দলমত নির্বিশেষে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। সংকটকালে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল বলেই দেশের মানুষ বারবার দলটিকে সমর্থন ও আস্থা জানিয়েছে। রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপট তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, ১৯৭৫ সালের জানুয়ারিতে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় শাসন কায়েম করা হলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে ১৯৮২ সালে সামরিক শাসন জারির বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন শেষে ১৯৯১ সালের নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি পুনরায় বহুদলীয় সংসদীয় শাসনব্যবস্থা চালু করে।
গত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনেও জনগণ বিপুল সংখ্যাগরিষ্ঠতা দিয়ে দলকে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করেছে। তিনি জোর দিয়ে বলেন, এই ম্যান্ডেট কোনো ক্ষমতার মসনদ নয়, এটি জনগণের সেবা করার মহান দায়িত্ব। অর্থনৈতিক সংকটকালে বিএনপি অতীতে যেমন ভূমিকা রেখেছে, বর্তমান সরকারও অর্থনীতিকে সুসংহত করতে নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছে।উন্নয়নমূলক পদক্ষেপে বিরোধী দলগুলোর সহযোগিতা কামনা করে তিনি বলেন, নির্বাচিত সরকারের জনকল্যাণমূলক কর্মসূচিতে বাধা দিলে দিনশেষে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে।বিরোধী দলগুলোকে কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে গঠনমূলক সমালোচনা ও বিকল্প প্রস্তাব উপস্থাপনের আহ্বান জানান তিনি। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, যেকোনো পদক্ষেপে ভুলত্রুটি থাকলে তা ধরিয়ে দিয়ে আরও উন্নত পরিকল্পনা সামনে আনা ইতিবাচক রাজনীতির অংশ। রাজনীতির চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত সাধারণ মানুষের সার্বিক কল্যাণ।
গণতন্ত্র সুসংহত রাখা ও অর্থনৈতিক অগ্রগতি অর্জন সহজ কাজ নয় উল্লেখ করে তিনি দলীয় নেতা-কর্মীদের আরও ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশনা দেন। তিনি বলেন, জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ড, বিশৃঙ্খলা, সন্ত্রাস ও অপরাধমূলক অপতৎপরতার বিরুদ্ধে জনমত গঠন এবং রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সমাবেশে জাতীয়তাবাদী মহিলা দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন