জুলাই ২৩, ২০২৬, ০৬:১২ পিএম
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের গুঞ্জনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কে দায়িত্ব নিতে পারেন, তা নিয়ে রাজনৈতিক মহলে বিভিন্ন নাম আলোচিত হচ্ছে। তবে সরকার বা বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে।
দলীয় ও বিভিন্ন সূত্রে প্রকাশিত তথ্যানুযায়ী, সম্ভাব্য উত্তরসূরিদের তালিকার শীর্ষে রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং নজরুল ইসলাম খানের নাম। শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন রয়েছে। এর আগে গত ডিসেম্বরে আন্তর্জাতিক বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেও দায়িত্ব ছাড়ার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের দীর্ঘদিনের নেতৃত্ব, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং রাজনৈতিক অভিজ্ঞতার দিক থেকে ড. খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামগুলো বেশ জোরালোভাবে আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি নন দলটির শীর্ষ নেতারা। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন