মে ২১, ২০২৬, ০৪:৫২ পিএম
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রতিষ্ঠাতা ও মজলুম জননেতা শফিউল আলম প্রধানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে দলের পক্ষ থেকে নয়া ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন করে লড়াইয়ের ডাক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পল্টনে জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে দলটির সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেন,
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জাগপা কখনোই আপস করবে না। তিনি বলেন, শফিউল আলম প্রধানের আদর্শকে ধারণ করে দেশের মেহনতি মানুষের মুক্তির জন্য আমাদের নতুন জালেম ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে মাঠে নামতে হবে।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচারহীনতার সংস্কৃতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন রাশেদ প্রধান।রাশেদ প্রধান অভিযোগ করেন, দেশের প্রশাসন ও বিশ্ববিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ সব জায়গায় এখন নগ্ন দলীয়করণ চলছে, যার ফলে রামিসার মতো নিষ্পাপ শিশুরা নির্মম হত্যাকাণ্ডের শিকার হচ্ছে।
একই সঙ্গে সীমান্ত হত্যা ও ভারতের আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে চুপ না থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যখন ভারত সীমান্তে হত্যা চালাচ্ছে ও গেরুয়া পতাকা উড়িয়ে উসকানি দিচ্ছে, তখন নীরব থাকার কোনো অবকাশ নেই। জাগপার সকল নেতা-কর্মীদের দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, লড়াই ছাড়া মেহনতি জনতার মুক্তি সম্ভব নয়।স্মরণসভায় উপস্থিত ছিলেন জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খানসহ দলটির শীর্ষস্থানীয় কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা।
পরিশেষে, শফিউল আলম প্রধানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং তার দেখানো পথেই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন