সেপ্টেম্বর ১৩, ২০২৬, ০৯:৪৫ পিএম
সীমান্তে গুলি এলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কঠোর পাল্টা জবাব দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে আজ রোববার এক বিবৃতিতে তিনি এই প্রতিক্রিয়া জানান। তিনি উল্লেখ করেন, প্রতিবেশীর তথাকথিত বন্ধুত্ব আর সীমান্তে নিরস্ত্র মানুষ হত্যা কখনো একসাথে চলতে পারে না। নতজানু পররাষ্ট্রনীতি পরিহারের আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে রাশেদ প্রধান অভিযোগ করেন, গঙ্গা চুক্তির ৩০ বছরের মধ্যে বাংলাদেশ অন্তত ২৩ বার পানির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ৫৪টি অভিন্ন নদীর হিস্যা না দেওয়া এবং সীমান্তে অবৈধ পুশইন প্রচেষ্টার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, প্রতিবেশী দেশটি ধারাবাহিকভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে আসছে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও ওসমান হাদির খুনিদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে তিনি এই ধরনের নীতিমালার তীব্র সমালোচনা করেন।
পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কঠোর অবস্থান নেওয়ার তাগিদ দিয়ে জাগপা মুখপাত্র বলেন, সীমান্ত থেকে কোনো ধরনের গুলি এলে রাষ্ট্রকে তার সার্বভৌমত্ব রক্ষায় পাল্টা আঘাত হানতে হবে। বর্তমান বিএনপি সরকারের উদ্দেশে তিনি বলেন, মুখে জাতীয় স্বার্থের কথা বলে নতজানু অবস্থান গ্রহণ করা যাবে না। অন্যথায় সাধারণ মানুষ রাজপথে নেমে নিজেদের অধিকারের উপযুক্ত জবাব দেবে বলেও তিনি সতর্কবার্তা দেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন