সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

জুলাই অভ্যুত্থানে মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে সেমিনার

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২১, ২০২৬, ১০:৫৮ এএম

জুলাই অভ্যুত্থানে মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে সেমিনার

জুলাই গণঅভ্যুত্থানে মাদরাসা শিক্ষার্থীদের ঐতিহাসিক অবদান নিয়ে রাজধানী ঢাকার তোপখানা রোডের বিএমএ মিলনায়তনে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল ওলামা এলায়েন্সের উদ্যোগে আয়োজিত ‍‍`জুলাইয়ের রক্তাক্ত জুব্বা‍‍` শীর্ষক এই সেমিনারে দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, চিন্তক ও ওলামায়ে কেরাম অংশ নেন।গুরুত্বপূর্ণ এই আলোচনা সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপ্লবী শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল সিটিজেন পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির ও একাদশ দলীয় জোটের অন্যতম নেতা আল্লামা মামুনুল হক, বিশিষ্ট কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার এবং কবি মুসা আল হাফিজ। বক্তারা জুলাই অভ্যুত্থানের সময় মাদরাসা শিক্ষার্থীদের সাহসিকতা ও আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং জাতীয় সংকটে তাদের ভূমিকার প্রশংসা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ওলামা এলায়েন্সের আহ্বায়ক ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি। ওলামায়ে কেরাম এবং জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালনকারী মাদরাসা শিক্ষার্থীরাও সেমিনারে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ন্যাশনাল ওলামা এলায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান।

বক্তারা বলেন, দেশের যেকোনো গণতান্ত্রিক ও অধিকার আদায়ের আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। জুলাই অভ্যুত্থানের চূড়ান্ত সাফল্যে তাদের এই রক্তক্ষয়ী সংগ্রাম ও অবদানের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে বলে তারা অভিমত ব্যক্ত করেন।