অক্টোবর ১১, ২০২৬, ১১:২৩ এএম
ভারতের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দুই দফায় দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট. সিরিজের প্রথম তিন ম্যাচের পাশাপাশি শেষ দুই ওয়ানডের জন্য আলাদা দল সাজিয়েছে কিউইরা. আগামী ৪ নভেম্বর অকল্যান্ডের ইডেন পার্কে শুরু হবে এই ওয়ানডে সিরিজ. পাঁচ ম্যাচের এই সিরিজে দুই দলেরই নেতৃত্ব দেবেন নিউজিল্যান্ডের সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনার.
প্রথম তিন ম্যাচের পর নিউজিল্যান্ড দলের একাংশ টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে ওয়েলিংটনে চলে যাবে. সে কারণে শেষ দুই ওয়ানডের দলে সাতজন অতিরিক্ত ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে. শেষ দুই ম্যাচের দলে জায়গা পেয়েছেন ফিন অ্যালেন, লকি ফার্গুসন ও টিম সাইফার্ট. অ্যালেন ও ফার্গুসন সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালে. ওই বছরের বিশ্বকাপে ভারতের বিপক্ষে মুম্বাইয়ের সেমিফাইনালে খেলেছিলেন ফার্গুসন. অন্যদিকে, সাইফার্টের সর্বশেষ ওয়ানডে ছিল ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে, প্রায় ১৮ মাস আগে. দীর্ঘ বিরতির পর এই তিন ক্রিকেটারই ভারতের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে ফেরার সুযোগ পাচ্ছেন.
এদিকে কাঁধের চোট কাটিয়ে প্রথম তিন ওয়ানডের দলে ফিরেছেন রাচিন রবীন্দ্র. প্রথম তিন ম্যাচের জন্য ঘোষিত দলে তার অন্তর্ভুক্তি নিউজিল্যান্ডের ব্যাটিং ও অলরাউন্ডার বিভাগকে শক্তিশালী করবে. দল নির্বাচনে জানুয়ারিতে ভারতের মাটিতে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের দলের মূল কাঠামো ধরে রেখেছে নিউজিল্যান্ড. তবে চোটের কারণে দলে বিবেচিত হননি জাক ফোকস, উইল ও’রুর্ক ও বেন সিয়ার্স.
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেও ভারত সিরিজকে গুরুত্ব দিচ্ছে নিউজিল্যান্ড. দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ওই বিশ্বকাপের আগে নিজেদের বেঞ্চের শক্তি যাচাই করতে চান কিউই কোচ রব ওয়াল্টার. প্রথম তিন ওয়ানডের জন্য নিউজিল্যান্ড দলে রয়েছেন মিচেল স্যান্টনার, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ, উইল ইয়ং ও ব্লেয়ার টিকনার. চতুর্থ ও পঞ্চম ওয়ানডের দলে স্যান্টনারের সঙ্গে যুক্ত হয়েছেন ফিন অ্যালেন, ক্রিস্টিয়ান ক্লার্ক, ম্যাট ফিশার, লকি ফার্গুসন, মিচ হে, নিক কেলি, টিম সাইফার্ট ও ব্লেয়ার টিকনাররা. নভেম্বরের শুরুতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করবে নিউজিল্যান্ড ক্রিকেট.

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন