রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বোচাগঞ্জে আগাম আলু উত্তোলন শুরু, ফলন ভালো হলেও লাভ নিয়ে শঙ্কা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৫, ২০২৫, ০৬:৫৪ পিএম

বোচাগঞ্জে আগাম আলু উত্তোলন শুরু, ফলন ভালো হলেও লাভ নিয়ে শঙ্কা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় চলতি রবি মৌসুমের আগাম আলু উত্তোলন শুরু হয়েছে। অনুকূল আবহাওয়ার কারণে উৎপাদন ভালো হলেও সার, বীজ ও শ্রমিকের বাড়তি খরচে কাঙ্ক্ষিত লাভ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেক চাষী।

বর্তমানে মাঠজুড়ে কৃষকরা আলু তোলা, বাছাই ও বাজারজাত করার কাজে ব্যস্ত সময় পার করছেন।বোচাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রবি মৌসুম ২০২৫-২৬ এ উপজেলায় মোট ১৫৫ হেক্টর জমিতে আগাম আলুর চাষ হয়েছে।

এর মধ্যে গ্রানুলার, ডায়মন্ড, কার্ডিনাল, কারেজ, সানসাইন, মিউজিকা, রোমানিয়া এবং সাগিটা সহ বিভিন্ন জাতের আলু চাষ হয়েছে।

কৃষকদের তথ্যমতে, ফলন ভালো হলেও বাজারে দাম তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। কৃষক বদরুদ্দোজা (বাপন) জানান, তিনি সাগিটা জাতের আলু চাষ করেছেন। বর্তমানে আলু কেজি প্রতি প্রায় ২৩ টাকা দরে বিক্রি হচ্ছে। তিনি বলেন, ফলন ভালো হলেও উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ায় খরচের তুলনায় লাভ খুব বেশি হবে না। আরেক কৃষকও উৎপাদন ভালো হওয়া সত্ত্বেও প্রত্যাশিত মুনাফা পাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেন।

বোচাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহা বলেন, "এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় আগাম আলুর ফলন ভালো হয়েছে। আমরা কৃষকদের উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করছি, যাতে তারা উৎপাদন বাড়িয়ে তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারেন।"