রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঘোড়াঘাটে কৃষকদের ৫শ হেক্টর জমিতে আদর্শ বীজতলা তৈরী

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৯, ২০২৬, ১১:৫৫ পিএম

ঘোড়াঘাটে কৃষকদের ৫শ হেক্টর জমিতে  আদর্শ বীজতলা তৈরী

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঘোড়াঘাটে বৈরী আবহাওয়া ও রোগবালাই মোকাবিলায় আধুনিক ও ‘আদর্শ বীজতলা’ তৈরিতে ঝুঁকছেন কৃষকরা। উপজেলায় চলতি মৌসুমে ৫০০ হেক্টর জমিতে এই বিশেষ পদ্ধতিতে বোরো ধানের চারা উৎপাদন করা হচ্ছে, যা স্থানীয় কৃষকদের মাঝে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর পৌরসভা ও ৪টি ইউনিয়নে মোট ৯ হাজার ১০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই পরিমাণ জমির আবাদের জন্য প্রয়োজনীয় ৬০০ হেক্টর বীজতলার মধ্যে ৫০০ হেক্টরই তৈরি করা হয়েছে আদর্শ পদ্ধতিতে।

আদর্শ পদ্ধতিতে চাষাবাদে শুকনা জমি ভালোভাবে প্রস্তুত করে ২ হাত প্রস্থের বেড তৈরি করা হয়। এতে বীজ ছিটানোর ৩৫ থেকে ৪০ দিনের মধ্যে চারা রোপণের উপযোগী হয়। 

পালশা ইউনিয়নের কৃষক রফিকুল ইসলাম জানান, আগে পুরোনো পদ্ধতিতে বীজতলায় পোকামাকড় ও কুয়াশাজনিত রোগ নিয়ন্ত্রণে হিমশিম খেতে হতো। তবে কৃষি বিভাগের পরামর্শে আদর্শ বীজতলা তৈরি করায় এখন চারা অনেক বেশি সুস্থ ও সবল হচ্ছে।

ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রফিকুজ্জামান বলেন, “আদর্শ বীজতলা কোল্ড ইনজুরি (শৈত্যপ্রবাহজনিত ক্ষতি) থেকে চারা রক্ষা করে এবং পোকার আক্রমণের ঝুঁকি কমায়। এর মাধ্যমে সুস্থ সবল চারা পাওয়া যায় বিধায় কৃষকরা এখন সনাতন পদ্ধতির পরিবর্তে এই আধুনিক পদ্ধতিতে বেশি আগ্রহী হচ্ছেন।