মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,

রংপুরে মাউশির অক্ষত স্টোরের ৪ বস্তা নথি সড়কে উদ্ধার

ইব্রাহীম খলিলুল্লাহ

অক্টোবর ৫, ২০২৬, ০৮:৫৭ পিএম

রংপুরে মাউশির অক্ষত স্টোরের ৪ বস্তা নথি সড়কে উদ্ধার

ছবি: দিনাজপুর টিভি

রংপুরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় থেকে চার বস্তা গুরুত্বপূর্ণ সরকারি ফাইল পাচারের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ ও তোলপাড় শুরু হয়েছে। অফিসের দক্ষিণ দেয়ালসংলগ্ন সড়কে একটি অটোরিকশায় সেলাই করা বস্তাগুলো তোলার সময় স্থানীয় বাসিন্দারা তা আটকে দেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কার্যালয়ের কর্মচারী আবু তালেব এবং চালক মোহাম্মদ জাহিদ। তারা উপস্থিত লোকজনকে জানান, পরিচালকের নির্দেশেই তারা বস্তাগুলো সেখান থেকে সরাতে এসেছিলেন।

খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার উপপরিদর্শক লিটনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জানায়, বস্তাগুলোর ভেতরে রংপুর অঞ্চলের বিভিন্ন কলেজের অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল। উদ্ধার করা নথি থানায় না নিয়ে সরাসরি পুনরায় ওই কার্যালয়েই পাঠানো হয়। ঘটনার পর কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান পাইকাড় এবং পরিচালক অধ্যাপক মাজেদ আলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। 

দুই কর্মকর্তা ঘটনাটিকে চুরি বলে দাবি করলেও যে স্টোরকক্ষ থেকে নথি সরানোর অভিযোগ উঠেছে, সেটি সম্পূর্ণ তালাবদ্ধ ও অক্ষত অবস্থায় পাওয়া গেছে। ভেতরে কোথাও কোনো ভাঙচুর বা জোরপূর্বক প্রবেশের আলামত মেলেনি। 

তালাবদ্ধ অক্ষত কক্ষ থেকে কীভাবে সরকারি নথিপত্র বস্তাবন্দী হয়ে সড়কে পৌঁছাল, সে বিষয়ে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। গত ২৯ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন কার্যালয়টিতে অভিযান চালিয়ে বিভিন্ন কলেজের নির্দিষ্ট নথিপত্র তলব করেছিল। সে সময় এই দুই শীর্ষ কর্মকর্তা দুদক দলকে জানিয়েছিলেন যে সংশ্লিষ্ট নথিগুলো হারিয়ে গেছে।