অক্টোবর ৫, ২০২৬, ১১:২৩ পিএম
নিরাপত্তা জোরদার ও প্রযুক্তি উন্নয়নের কথা বলে বাংলাদেশ ব্যাংককে কোনো তথ্য না জানিয়েই একযোগে ৩০টি ব্যাংকের এটিএম, কার্ড ও পয়েন্ট অব সেলসহ বিভিন্ন প্রযুক্তিগত সেবা বন্ধ রাখা হয়েছে। রোববার (৪ অক্টোবর) রাত ৯টা থেকে আগামী ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত এসব ব্যাংকের কিউক্যাশ নেটওয়ার্কের সেবা বন্ধ থাকবে। সেবা বন্ধ করার আগে গ্রাহকদের কোনো পূর্বসতর্কতা বা আনুষ্ঠানিক নোটিশ না দেওয়ায় জরুরি প্রয়োজনে নগদ টাকা তুলতে গিয়ে সারা দেশে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
কিউক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে এই সাময়িক বিঘ্ন ঘটছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংককে সম্পূর্ণ অন্ধকারে রেখে ৩০টি বাণিজ্যিক ব্যাংকের গুরুত্বপূর্ণ আর্থিক সেবা একসঙ্গে বন্ধ করার এই পদক্ষেপে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিতের অংশ হিসেবে কিউক্যাশ নেটওয়ার্কের মাইগ্রেশনের জন্য ৩০টি ব্যাংকের কিছু সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে ব্যাংকগুলো এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংককে আগে থেকে কিছুই অবহিত করেনি। গ্রাহকদের জন্যও কোনো আগাম বিজ্ঞপ্তি বা প্রচার চালানো হয়নি। এমন দায়িত্বজ্ঞানহীনভাবে একক সিদ্ধান্তে সেবা বন্ধ রাখায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর চরম ক্ষোভ প্রকাশ করেছেন এবং এটিকে অত্যন্ত গর্হিত কাজ হিসেবে দেখছেন।
এদিকে সেবা বন্ধ হওয়ার পর ৪ অক্টোবর থেকে কিছু ব্যাংক গ্রাহকদের মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে লেনদেন সীমিত থাকার কথা জানায়। বার্তায় বলা হয়, কিউক্যাশ নেটওয়ার্কের সিস্টেম পরিবর্তনের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত এটিএম, ক্যাশ রিসাইক্লিং মেশিন ও পয়েন্ট অব সেল ব্যবহার করা যাবে না।
তবে ডেবিট কার্ডের সাধারণ লেনদেন চালু থাকবে। গ্রাহকেরা বিকল্প হিসেবে অন্যান্য ব্যাংকের বুথ ও পয়েন্ট অব সেল যন্ত্র, বাংলা কিউআর এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ট্যাপ, বিকাশ, নগদ ও উপায়ে অর্থ স্থানান্তরের সুযোগ পাবেন। একসঙ্গে দেশের ৩০টি ব্যাংকের সফটওয়্যার আপডেট ও সেবা বাতিলের ঘটনাকে নজিরবিহীন বলে আখ্যায়িত করছেন ব্যাংকিং খাতের বিশ্লেষকরা।
এক্সিম ব্যাংকের কর্মকর্তা মনির হোসেন জানিয়েছেন, নির্ধারিত সময়সীমার মধ্যেই মাইগ্রেশন সম্পন্ন করে সেবা পুনরায় স্বাভাবিক করার পরিকল্পনা রয়েছে। এই মধ্যবর্তী সময়ে জরুরি আর্থিক প্রয়োজনে বিকল্প ব্যাংকিং চ্যানেল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন