মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,
এএসআইয়ের বক্তব্য ভাইরাল

‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৫, ২০২৬, ১১:৪২ পিএম

‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক মোহাম্মদ ইলিয়াস হোসাইনের প্রকাশ্যে ঘুষ দাবি ও গ্রহণের পক্ষে বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। উপজেলার রানীগাঁও বাজারে মামলার তদন্তে গিয়ে তিনি উপস্থিত লোকজনের সামনে ওই মন্তব্য করেন। স্থানীয় ব্যবসায়ী নোমান মিয়ার দায়ের করা একটি অভিযোগের তদন্তে রানীগাঁও বাজারে গিয়েছিলেন এএসআই ইলিয়াস হোসাইন। সেখানে সাধারণ মানুষের সামনে তিনি প্রকাশ্যে দাবি করেন যে ঘুষের টাকা দিয়েই তিনি পুলিশের ইউনিফর্ম বা পোশাক পরেছেন এবং ঘুষ খাওয়ার জন্যই তিনি পুলিশে এসেছেন। 

তিনি নিজেকে বায়তুল মোকাররমের ইমাম নন বলেও উপস্থিত ব্যক্তিদের সামনে উল্লেখ করেন। সে সময় সেখানে উপস্থিত এক ব্যক্তি মুঠোফোনে তার সেই বক্তব্যের দৃশ্য ধারণ করেন। পরবর্তীতে ওই বক্তব্যের দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ প্রশাসনের ভেতরে ও বাইরে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। অভিযোগ রয়েছে, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম নিজের এলাকার বড় ভাই দাবি করে থানা ও তদন্ত এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন এই সহকারী উপপরিদর্শক। 

ভারপ্রাপ্ত কর্মকর্তার নাম ব্যবহার করে তিনি নিয়মিত চাঁদাবাজি ও নানা অনিয়ম চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যমে বক্তব্য ছড়িয়ে পড়ার বিষয়ে বক্তব্য জানতে এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না বলে মন্তব্য করেন। এরপর তিনি তাৎক্ষণিকভাবে ফোনের সংযোগ কেটে দেন।

মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মাফিউর রহমান জানিয়েছেন, অভিযুক্ত পুলিশ কর্মকর্তার এমন বক্তব্য ও আচরণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে। পুরো ঘটনাটির বিভাগীয় তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত শেষ হলে বিস্তারিত পদক্ষেপ জানানো হবে।