মো. আরিফ ইসলাম
জানুয়ারি ২, ২০২৬, ০৬:২৫ পিএম
ছবি-দিনাজপুর টিভি
সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দিনাজপুরের বীরগঞ্জে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৪টায় ৩নং শতগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শাহাদাতের মিল চাতালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাকবুলুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মো. মনজুরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আপসহীন ভূমিকা এবং দেশের মানুষের কল্যাণে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
খতমে কোরআন শেষে মরহুমার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।শতগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহদাত হোসেনের সঞ্চালনায় দোয়া মাহফিলে বীরগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। দোয়া শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।