জানুয়ারি ৭, ২০২৬, ১০:০২ পিএম
আন্তর্জাতিক বাজারে দীর্ঘদিনের টানা ঊর্ধ্বমুখী প্রবণতার পর অবশেষে স্বর্ণের দামে কিছুটা মন্দাভাব দেখা দিয়েছে। বুধবার বিশ্বখ্যাত সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, একের পর এক রেকর্ড ভাঙার পর এদিন বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার বা 'প্রফিট বুকিং'-এর প্রবণতায় স্বর্ণের দাম ১ শতাংশ কমেছে।
বছরের শুরুতে কয়েক দফা দাম বাড়লেও বর্তমান এই সংশোধনমূলক পতনকে সাধারণ বিনিয়োগকারীদের জন্য একটি ‘স্বস্তির শ্বাস’ হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা।
বুধবার লেনদেনের মাঝামাঝি সময়ে স্পট গোল্ড বা স্বর্ণের বর্তমান দাম ১ শতাংশ হ্রাস পেয়ে প্রতি আউন্স ৪,৪৫২.৯৭ ডলারে নেমে এসেছে। অথচ এই সেশনের শুরুতেই দাম গত এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল।
গত ২৬ ডিসেম্বর আন্তর্জাতিক বাজারে স্বর্ণ সর্বকালের সর্বোচ্চ রেকর্ড উচ্চতা ৪,৫৪৯.৭১ ডলারে স্পর্শ করেছিল। এর পাশাপাশি ফেব্রুয়ারি ডেলিভারির ইউএস গোল্ড ফিউচার্সও ০.৭ শতাংশ কমে আউন্সপ্রতি ৪,৪৬২.৭০ ডলারে লেনদেন হচ্ছে।বাজার বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের ঊর্ধ্বমুখী প্রবণতার পর এই ধরনের সংশোধন খুবই স্বাভাবিক। যখন দাম অত্যাধিক বেড়ে যায়, তখন বড় বিনিয়োগকারীরা স্বর্ণ বিক্রি করে মুনাফা সংগ্রহ করেন, যার ফলে সাময়িকভাবে দাম কমে যায়।
তবে ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদের হার কমানোর সিদ্ধান্তের কারণে স্বর্ণের দীর্ঘমেয়াদি চাহিদা ও উচ্চমূল্য বজায় থাকতে পারে। বর্তমানে দাম কিছুটা কমায় ক্ষুদ্র বিনিয়োগকারী এবং সাধারণ ক্রেতাদের জন্য নতুন করে স্বর্ণ কেনার বা বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন