রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

স্বর্ণের সঙ্গে রুপার দামেও রেকর্ড, কাল থেকে নতুন দর কার্যকর

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২০, ২০২৬, ০৯:৪০ পিএম

স্বর্ণের সঙ্গে রুপার দামেও রেকর্ড, কাল থেকে নতুন দর কার্যকর

দেশের বাজারে সোনা ও রুপার দাম আবারো এক লাফে অনেকটা বেড়ে নতুন এক উচ্চতায় পৌঁছেছে। এবার সোনার দাম ভরিতে এক লাফে পাঁচ হাজার ২৪৯ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে যা একটি নতুন রেকর্ড। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস জানিয়েছে এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে দুই লাখ ৪৪ হাজার ১২৮ টাকায়। 

মঙ্গলবার রাতে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আগামীকাল বুধবার থেকে সারা দেশে সোনার এই নতুন দর কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে স্থানীয় বাজারে তেজাবী বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রক্ষা এবং স্থানীয় বাজারের পরিস্থিতি বিবেচনা করে সোনার দাম সমন্বয়ের এই সিদ্ধান্ত নিয়েছে বাজুস। 

নতুন মূল্য তালিকা অনুযায়ী এখন থেকে ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াল দুই লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম হবে এক লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।সোনার দামের এই অস্বাভাবিক উল্লম্ফনের সাথে পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও। রুপার দামেও দেশে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। নতুন তালিকা অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি রুপা এখন থেকে বিক্রি হবে ছয় হাজার ৫৯০ টাকায়। 

২১ ক্যারেটের রুপার দাম ভরিপ্রতি ছয় হাজার ২৯৯ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরিপ্রতি পাঁচ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম দাঁড়িয়েছে চার হাজার ৮২ টাকায়। এর আগে কখনো রুপার দাম এত উঁচুতে উঠতে দেখা যায়নি।অর্থনীতিবিদরা বলছেন আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং ডলারের দামের প্রভাবে স্থানীয় বাজারে সোনার এই রেকর্ড মূল্যবৃদ্ধি ঘটছে। 

জুয়েলারি ব্যবসায়ীরা মনে করছেন দাম এভাবে বাড়তে থাকলে সাধারণ মানুষের অলঙ্কার কেনার সক্ষমতা আরও কমে যাবে। বিশেষ করে বিয়ের মৌসুমে এই বাড়তি দাম ক্রেতাদের জন্য বড় ধরণের চাপ হয়ে দাঁড়াবে। বাজুস নিয়মিতভাবে বাজারের অবস্থা পর্যবেক্ষণ করে এই দাম সমন্বয় করে থাকে। তবে এবারের এই বৃদ্ধি গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ যা সাধারণ ক্রেতা থেকে শুরু করে ব্যবসায়ীদের মধ্যেও বড় ধরণের আলোচনার জন্ম দিয়েছে।