জুলাই ১৭, ২০২৬, ১০:৫৬ এএম
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৬৬৪ দশমিক ৪৬ মিলিয়ন বা ৩৬ দশমিক ৬৬ বিলিয়ন ডলার।বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি বিষয়টি নিশ্চিত করেছেন।কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা জানান, ১৬ জুলাই পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৬ হাজার ৬৬৪ দশমিক ৪৬ মিলিয়ন ডলারে পৌঁছেছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, বর্তমানে রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৯৬৬ দশমিক ২১ মিলিয়ন বা ৩১ দশমিক ৯৭ বিলিয়ন ডলার।অন্যদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৫৪ কোটি ২০ লাখ বা ১ দশমিক ৫৪২ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এই আয় ২১ দশমিক ৮০ শতাংশ বেশি। এর মধ্যে শুধু ১৪ জুলাই একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১ কোটি ৫০ লাখ বা ১১৫ মিলিয়ন ডলার।
অর্থনীতিবিদরা মনে করছেন, রেমিট্যান্স প্রবাহের এই ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে। সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী উদ্যোগের ফলে বৈধ পথে প্রবাসী আয় পাঠানোর হার বৃদ্ধি পেয়েছে।সামগ্রিকভাবে বৈদেশিক মুদ্রার এই রিজার্ভ প্রবৃদ্ধি দেশের অর্থনীতির জন্য একটি স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা সত্ত্বেও রেমিট্যান্সের এই ধারাবাহিক প্রবাহ অর্থনীতিকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন