এপ্রিল ১, ২০২৬, ০৯:৫১ পিএম
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সদ্য ভর্তি হওয়া ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। নতুন এই শিক্ষার্থীদের অভ্যর্থনা জানাতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ ও অনুষদে ছিল উৎসবমুখর পরিবেশ ও নানা বর্ণিল আয়োজন। বুধবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের ৩টি অনুষদ এবং ২০টি বিভাগে আনুষ্ঠানিকভাবে এই নবীনবরণ কার্যক্রম শুরু হয়।
বিভাগীয় সূত্র জানায়, নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে প্রতিটি বিভাগ থেকে ফুল, কলম ও ক্যালেন্ডারসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চিরচেনা সবুজ ক্যাম্পাসে নবীনদের এই উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে এক প্রাণবন্ত দিনের সূচনা ঘটে।
পছন্দের বিশ্ববিদ্যালয় ও কাঙ্ক্ষিত বিষয় পেয়ে শিক্ষার্থীদের মাঝে ছিল উচ্ছ্বাস ও আনন্দের ঝিলিক। উত্তরবঙ্গের এই ঐতিহ্যবাহী ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধতা প্রকাশ করেছেন অনেক শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ে প্রথম দিন ক্লাস করতে আসা সিয়াম নামের এক নবীন শিক্ষার্থী জানান, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। এখান থেকে মানসম্মত শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে নিজের জীবনকে আলোকিত করতে পারবেন বলে তিনি প্রত্যাশা করেন। একই রকম অনুভূতি প্রকাশ করেছেন কৃষি অনুষদের শিক্ষার্থী জিহাদ। তিনি বলেন, শুরুতে ক্যাম্পাস ও র্যাগিং নিয়ে মনে কিছুটা ভয় থাকলেও প্রথম দিনের পরিবেশ দেখে সেই জড়তা কেটে গেছে। বিশেষ করে ক্যাম্পাসে র্যাগিংয়ের কোনো অস্তিত্ব না থাকায় তিনি স্বস্তি প্রকাশ করেছেন।
এদিকে নবীন শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও র্যাগিংমুক্ত পরিবেশ নিশ্চিত করতে অত্যন্ত তৎপর রয়েছে হাবিপ্রবি প্রশাসন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. নওশের ওয়ান বলেন, র্যাগিং একটি দণ্ডনীয় সামাজিক অপরাধ। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের মতো কোনো অপসংস্কৃতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। প্রশাসন এ ব্যাপারে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে।
প্রক্টর আরও সতর্ক করে জানান, প্রতি বছরই নতুন শিক্ষার্থীদের আগমনকে কেন্দ্র করে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা থাকে। তবে কোনো সিনিয়র শিক্ষার্থী যদি নবীনদের শারীরিক, মানসিক বা মৌখিকভাবে কোনোভাবে হয়রানি করার চেষ্টা করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ধরনের হয়রানি বা র্যাগিংয়ের ঘটনা ঘটলে তা সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডি অথবা ছাত্র উপদেষ্টা দপ্তরে জানানোর জন্য নবীনদের পরামর্শ দেওয়া হয়েছে।
নতুন শিক্ষাবর্ষের এই ক্লাস শুরুর মাধ্যমে হাবিপ্রবি ক্যাম্পাসে ফিরেছে চিরচেনা চাঞ্চল্য। প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি নবীনদের মেধা ও মননের বিকাশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে। সব মিলিয়ে এক আনন্দঘন ও নিরাপদ পরিবেশে উচ্চশিক্ষার যাত্রা শুরু করল ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এই তরুণ শিক্ষার্থীরা।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন