রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

৯টায় অফিসে উপস্থিতিসহ মাদ্রাসা বোর্ডে ১০ নির্দেশনা

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২, ২০২৬, ০২:১০ পিএম

৯টায় অফিসে উপস্থিতিসহ মাদ্রাসা বোর্ডে ১০ নির্দেশনা

বোর্ডের জরুরি নির্দেশনা

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সকাল ৯টায় অফিসে উপস্থিতিসহ দশটি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিয়মগুলো জানানো হয়। মূলত দাপ্তরিক শৃঙ্খলা নিশ্চিত করা এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যেই এই একগুচ্ছ নির্দেশনা প্রদান করা হয়েছে। 

এই আদেশগুলো যথাযথভাবে পালন করা হচ্ছে কি না, তা তদারকি করতে ছয় সদস্যের একটি তদারকি কমিটিও গঠন করেছে বোর্ড কর্তৃপক্ষ।

নতুন নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, সকল কর্মকর্তা-কর্মচারীকে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে নিজ নিজ অফিস কক্ষে অবস্থান করতে হবে। এই সময়ের মধ্যে যাতে কোনো দাপ্তরিক কর্মসূচি বা মিটিং বাধাগ্রস্ত না হয়, সেদিকে বিশেষ নজর দিতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। 

পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ে দিনের বেলা পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহারে মিতব্যয়ী হতে হবে। জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে সূর্যের আলো ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।এছাড়া শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা অবশ্যই ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখতে হবে। অফিস চলাকালীন শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক লাইট ও ফ্যান ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। 

কক্ষ ত্যাগ করার সময় কিংবা অফিস ছুটি হওয়ার পর কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার এবং এসিসহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করার বিষয়টি নিশ্চিত করতে হবে। সরকারি বিশেষ নির্দেশনা ছাড়া কোনো প্রকার অপ্রয়োজনীয় আলোকসজ্জা না করার জন্যও বিশেষভাবে বলা হয়েছে।

জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে মিতব্যয়ী হওয়া এবং অফিসের করিডোর, সিঁড়ি বা ওয়াশরুমের অপ্রয়োজনীয় বাতি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বোর্ড প্রশাসন। একই সাথে অফিসের অভ্যন্তরীণ ও বাহ্যিক সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। এই দশ দফা নির্দেশনা মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট সকল দপ্তরে কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়মের ব্যত্যয় ঘটলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হতে পারে।বিজ্ঞপ্তি দেখুন এখানে