এপ্রিল ২, ২০২৬, ০৪:২৪ পিএম
আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্রসচিবদের প্রতি একগুচ্ছ জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এই বিশেষ গাইডলাইন প্রদান করে। বোর্ড জানিয়েছে, পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং স্বচ্ছতা বজায় রাখতে কেন্দ্রসচিবদের প্রতিটি পদক্ষেপে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।এবারের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য ভিন্ন ভিন্ন সিলেবাস অনুসরণ করার বিষয়টি স্পষ্ট করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে যে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা দেবে। অন্যদিকে, যারা অনিয়মিত বা মানোন্নয়ন পরীক্ষার্থী, তারা ২০২৫ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী তৈরি করা প্রশ্নপত্রে অংশগ্রহণ করবে।
প্রশ্নপত্র বিতরণের সময় কোনোভাবেই যেন নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ভুল প্রশ্নপত্র না যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের বিশেষ নজর রাখতে বলা হয়েছে।প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতেও অত্যন্ত কড়া নিয়ম জারি করেছে শিক্ষা বোর্ড। পরীক্ষা শুরুর অন্তত তিন দিন আগে ট্রেজারি বা খানা লকারের ট্রাংকে সংরক্ষিত প্রশ্নপত্রের প্যাকেটের সাথে বিবরণী তালিকা পুঙ্খানুপুঙ্খভাবে মিলিয়ে দেখতে হবে। এই যাচাইকরণ প্রক্রিয়া চলাকালীন ট্রেজারি অফিসার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), কেন্দ্রসচিব এবং পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের সশরীরে উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।
প্রশ্নপত্রের বিবরণীতে কোনো ধরনের ত্রুটি বা গরমিল পাওয়া গেলে তা কেন্দ্রসচিবের ব্যক্তিগত দায়িত্বের অবহেলা হিসেবে গণ্য করা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।বোর্ডের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি বিষয়ের জন্য দুই সেট সৃজনশীল (CQ) এবং বহুনির্বাচনি (MCQ) প্রশ্নের সেট সংরক্ষিত থাকবে। পরীক্ষার তারিখ অনুসারে আলাদা আলাদা সিকিউরিটি খামে এসব প্রশ্ন প্যাকেটজাত করতে হবে। প্যাকেটগুলো যথাযথভাবে মুড়িয়ে তার ওপর পরীক্ষার তারিখ, বিষয় কোড এবং সেট কোড নির্ভুলভাবে লিখতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে তারিখভিত্তিক প্রশ্নের প্যাকেট সাজিয়ে কার্টুন টেপে মুড়িয়ে সিলগালা করার নির্দেশ দেওয়া হয়েছে।
পরীক্ষার দিনগুলোতে ট্রেজারি থেকে প্রশ্নপত্র সংগ্রহ এবং কেন্দ্রে আনার ক্ষেত্রেও কঠোর নিরাপত্তা প্রটোকল অনুসরণ করতে হবে। পুলিশ প্রহরা এবং ট্যাগ অফিসারের উপস্থিতিতে অত্যন্ত গোপনীয়তার সাথে সিকিউরিটি খাম কেন্দ্রে পৌঁছাতে হবে। কেন্দ্রে পৌঁছানোর পর মোবাইলে সেট কোডের এসএমএস পাওয়ার পরেই দায়িত্বরত কর্মকর্তারা নির্দিষ্ট প্রশ্নপত্রের প্যাকেট খোলার অনুমতি পাবেন।
এ সময় পুলিশ অফিসারের সামনে সেট কোড নিশ্চিত হয়ে প্যাকেট খুলতে হবে এবং অব্যবহৃত সেটের প্রশ্নপত্রগুলো অক্ষত অবস্থায় পুনরায় ট্রংকে সংরক্ষণ করতে হবে। নির্ধারিত সেট কোডের পরিবর্তে যদি ভুল করে অন্য কোনো সেটে পরীক্ষা নেওয়া হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছে শিক্ষা বোর্ড।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন