রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শাকিবের নায়িকা হতে যাচ্ছেন হানিয়া আমির

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৫, ০৬:১৪ পিএম

শাকিবের নায়িকা হতে যাচ্ছেন হানিয়া আমির

গেল কয়েক বছর ধরে নিজেকে পুরোপুরি ভেঙে নতুন আঙ্গিকে হাজির হয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। শুধু নিজেকে ভেঙে ভিন্ন ভিন্ন সিনেমায় চমকে দেওয়াই নয়, সাম্প্রতিক লুক, গেটআপ এবং উপস্থাপন দিয়ে তিনি তরুণ প্রজন্মের কাছেও প্রিয় হয়ে উঠেছেন।

এমন পরিস্থিতিতে তার ভক্তদের জন্য এলো আরও বড় খবর। শাকিব খানের আসন্ন নতুন কোনো সিনেমায় তার বিপরীতে দেখা যেতে পারে পাকিস্তানের জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী হানিয়া আমিরকে। স্বয়ং নায়কই বিষয়টি নিশ্চিত করেছেন এবং এই খবরে চলচ্চিত্রপাড়ায় নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

সম্প্রতি ইউটিউবের কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইয়ের একটি ভিডিওতে শাকিব খান নিজেই এই খবরটি নিশ্চিত করেন।

ওই ভিডিওতে রাফসানের উদ্দেশ্যে শাকিব খান বলেন যে তিনি তার 'ভবিষ্যৎ হিরোইনের' অর্থাৎ হানিয়া আমিরের বেশ কয়েকটি ভ্লগ দেখেছেন। এরপর পাশ থেকে একজন জানতে চাইলে তিনি উত্তর দেন, 'একটি সিনেমার জন্য তার সঙ্গে কথা চলছে।' আর তাতেই শাকিব ভক্তরা রীতিমতো উত্তেজনায় মেতে উঠেছেন। দুই দেশের তারকারা এক ফ্রেমে আসার খবরে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে বেশ মাতামাতি শুরু হয়ে গেছে। যদিও শাকিবের আসন্ন কোন সিনেমায় হানিয়া আমিরকে দেখা যাবে, তা নিয়ে কোনো চূড়ান্ত ঘোষণা বা বিস্তারিত তথ্য তিনি খোলাসা করেননি।

তবে ভক্তরা এখনই দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করে দিয়েছেন। কেউ কেউ বলছেন যে ডিসেম্বরে শুরু হতে যাওয়া ‘প্রিন্স’ সিনেমাতেই শাকিবের সঙ্গে হানিয়াকে দেখা যেতে পারে। আবার কেউ বলছেন আগামী বছরের ফেব্রুয়ারির ১০ তারিখ থেকে পরিচালক আজমান রুশোর নাম চূড়ান্ত না হওয়া নতুন রোমান্টিক সিনেমাটিতেও তাকে দেখা যেতে পারে। কারণ এই ছবিটিতে শাকিবের বিপরীতে একজন নতুন মুখ খোঁজা হচ্ছিল বলে খবর ছিল। প্রসঙ্গত, শাকিব খান বর্তমানে তার আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়ে ব্যস্ত রয়েছেন এবং এই সিনেমার শুটিং শেষ করে ডিসেম্বরে তিনি ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন।