বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬,
নতুন গজল প্রকাশ

আজব মোবাইল‍‍` গজল: বদরুজ্জামানের সামাজিক বার্তা

বিনোদন ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৯:৫০ পিএম

আজব মোবাইল‍‍` গজল: বদরুজ্জামানের সামাজিক বার্তা

বর্তমান সমাজে মানুষের অন্যতম নিত্যসঙ্গী মোবাইল ফোন। এই যন্ত্রটির যেমন বহু ইতিবাচক দিক রয়েছে, তেমনি এর মাত্রাতিরিক্ত ব্যবহার ও আসক্তি সমাজ জীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। প্রযুক্তির এই দ্বিমুখী বাস্তবতাকে সুরের মূর্ছনায় তুলে ধরেছেন জনপ্রিয় সংগীতশিল্পী মুহাম্মদ বদরুজ্জামান। হলি টিউন থেকে সম্প্রতি প্রকাশ পেয়েছে তাঁর নতুন বাস্তবধর্মী সংগীত ‘আজব মোবাইল’। গানের পরতে পরতে বর্তমান প্রজন্মের প্রযুক্তি আসক্তির নিখুঁত চিত্র তুলে ধরেছেন শিল্পী। তিনি গানে বর্ণনা করেছেন কীভাবে শিশু থেকে শুরু করে বৃদ্ধ—সব বয়সী মানুষ আজ মোবাইলের রঙিন দুনিয়ায় আটকা পড়েছেন।

গানের কথায় ফুটে উঠেছে তরুণ সমাজের অবক্ষয়ের কথা। শিশুরা এখন মাঠে খেলার বদলে ফ্রি ফায়ার ও পাবজির মতো গেমে মেধা নষ্ট করছে। পড়ার টেবিলে শিক্ষার্থীদের মনোযোগ কেড়ে নিচ্ছে এই ছোট্ট যন্ত্র। এমনকি রাস্তাঘাটে হাঁটার সময়ও মানুষের চোখ থাকছে স্ক্রিনে, যার ফলে ঘটছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। রিকশা, বাস বা ট্রেনে যাত্রীরা মোবাইলে এতটাই মগ্ন থাকছেন যে নিজেদের লাগেজ বা সঙ্গীদের কথাও ভুলে যাচ্ছেন। কেবল তরুণরাই নয়, ধর্মীয় উপাসনালয়েও এই যন্ত্রের প্রভাব স্পষ্ট।

গানের এক পর্যায়ে শিল্পী আক্ষেপ করে বলেন যে মানুষ এখন মসজিদে গিয়েও ইবাদত ভুলে মোবাইল নিয়ে ব্যস্ত থাকছে। গুরুজনদের দেখলে সালাম ও সম্মান জানানোর চিরাচরিত সংস্কৃতিও ভুলতে বসেছে অনেকে। পাশাপাশি রং নম্বরের প্রেমের ফাঁদে পড়ে সংসার ভাঙা, প্রতারকদের খপ্পরে পড়া এবং ব্যক্তিগত কল রেকর্ড ফাঁস হয়ে সর্বনাশ ঘটার মতো সামাজিক ব্যাধিগুলোও এই গানে অত্যন্ত জোরালোভাবে উঠে এসেছে। "হায়রে মোবাইল কারলি সবার দিল / তোর নেশা যে ভয়াল নেশা ছাড়াই তো মুশকিল।" তবে গজলটিতে শুধু নেতিবাচক দিকই তুলে ধরা হয়নি। সংগীতের শেষাংশে শিল্পী মোবাইলের ইতিবাচক ও কল্যাণকর দিকগুলোও চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। সঠিক ব্যবহার করলে এটি এক আশীর্বাদ। 

তিনি উল্লেখ করেছেন কীভাবে জরুরি অসুস্থতার সময় একটি ফোন কলেই স্বজনেরা ছুটে আসেন। দূর প্রবাসে থাকা মানুষেরা এই প্রযুক্তির মাধ্যমেই পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে নিজেদের মনকে সতেজ রাখেন। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খুব সহজেই খুনি বা অপরাধীদের ধরতে এই প্রযুক্তির সাহায্য নিচ্ছেন। পাশাপাশি ইন্টারনেটের মাধ্যমে দেশ-বিদেশের খবর রাখা এবং ইসলামিক স্কলারদের ওয়াজ ও কলরবের গজল শোনার মতো গঠনমূলক কাজের কথাও গানে উঠে এসেছে।

সর্বশেষ বার্তায় শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান শ্রোতাদের মনে করিয়ে দিয়েছেন যে মোবাইল যন্ত্রটি নিজে কোনো খারাপ কিছু নয়, এর ভালো-মন্দ নির্ভর করে মানুষের ব্যবহারের ওপর। প্রযুক্তির সঠিক ও ইতিবাচক ব্যবহারের মাধ্যমেই কেবল জীবনে অনাবিল সুখ ও শান্তি বয়ে আনা সম্ভব।