মে ১৭, ২০২৬, ০৮:৪৪ পিএম
জীবনানন্দ দাশের কালজয়ী সৃষ্টিকে কেন্দ্র করে নির্মিত ‘বনলতা সেন’ চলচ্চিত্রটি আগামী কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির একটি নতুন পোস্টার প্রকাশের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় সিনেমাটি আসার ঘোষণায় দর্শকেরা বেশ আগ্রহ প্রকাশ করছেন।
ভারতের কারিগরি কাজ ও ভিসা জটিলতার কারণে সিনেমাটির মুক্তি বিলম্বিত হয়েছিল।এর আগে ২০২৪ সালেই এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি মুক্তির একটি প্রাথমিক পরিকল্পনা করেছিলেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল।
তবে দেশের সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি বিবেচনা করে সে সময় প্রযোজনা কর্তৃপক্ষ এর মুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে গত বছরের রোজার ঈদেও এটি মুক্তির আলোচনা জোরালো হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি।
চলচ্চিত্রটির নির্মাণ কাজ অনেক আগে শুরু হলেও অবশেষে বড় পর্দায় এর বাণিজ্যিক প্রদর্শনী নিশ্চিত হলো। উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে ৭০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছিল এই চলচ্চিত্রটি।সিনেমাটিতে রূপালি পর্দায় কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা খাইরুল বাসার।
এতে নাবিলার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আরো দেখা যাবে সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরিফ সিরাজ ও সুমাইয়া খুশিকে। গত শুক্রবার নাবিলা তাঁর অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেলে ছবির একটি রহস্যময় সংলাপ ক্যাপশন হিসেবে জুড়ে দিয়ে দর্শকদের সরাসরি প্রেক্ষাগৃহে আসার আমন্ত্রণ জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন