জুন ৫, ২০২৬, ০৬:২২ পিএম
রকস্টার সিনেমার অভূতপূর্ব সাফল্যের মধ্যেই নতুন সিনেমার ঘোষণা দিয়ে ভক্তদের অবাক করে দিলেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান। সান মোশন পিকচার্সের প্রযোজনায় তার অভিনীত পরবর্তী ছবি সোলজার খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে। এই ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিবিয়ানদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
নতুন এই ঘোষণার মাধ্যমে শাকিব তার ভক্তদের আনন্দ বহুগুণ বাড়িয়ে দিয়েছেন।সিনেমাটির সিংহভাগ কাজ আগেই সম্পন্ন হয়েছিল, তবে বিভিন্ন কারণে তা দীর্ঘ সময় আটকে ছিল। এখন ছবিটির কাজ একেবারে শেষ পর্যায়ে রয়েছে।
শাকিব খান জানিয়েছেন, খুব শীঘ্রই দেশের বাইরে ছবির বাকি শুটিং শেষ করা হবে। নতুন করে আবারও সোলজার সিনেমার শুটিং শুরু হবে বলে তিনি জানান। এই বছরেই চমৎকার একটি চলচ্চিত্র হিসেবে সোলজার দর্শক দেখতে পাবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন।২৭ বছরের সুদীর্ঘ পথচলা নিয়ে আবেগী স্মৃতিচারণ করেছেন এই অভিনেতা।
শাকিব খান বলেন, ক্যারিয়ারের শুরুর দিকে ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে পড়ার সময় মাত্র তিন মাসের জন্য এই ইন্ডাস্ট্রিতে এসেছিলেন তিনি। কিন্তু কাজের নেশায় কখন যে ২৭টি বছর পার হয়ে গেছে তা তিনি বুঝতেই পারেননি। তিনি মনে করেন, শিল্পীদের জন্য এই পথচলাটি বেশ ভালো ছিল। ইন্ডাস্ট্রির নানা চড়াই-উতরাই ও দেশের রাজনৈতিক কিংবা সামাজিক সংকট সত্ত্বেও সিনেমাকে এগিয়ে নিতে সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সবশেষে তিনি আশার বাণী শুনিয়েছেন।সব নেতিবাচকতা পেছনে ফেলে ইতিবাচক কাজের মাধ্যমে চলচ্চিত্র শিল্পকে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। তার বিশ্বাস, সামনে দেশের জন্য আরও ভালো কিছু উপহার নিয়ে আসা সম্ভব হবে। এই যাত্রায় দর্শকের ভালোবাসাকেই সবচেয়ে বড় পাওনা মনে করেন এই অভিনেতা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন