রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ, ম্যাজিস্ট্রেট নিয়োগ

বিনোদন ডেস্ক

জুলাই ৫, ২০২৬, ০৮:৪৯ পিএম

সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ, ম্যাজিস্ট্রেট নিয়োগ

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর তিন দশক পর তার মরদেহ কবর থেকে উত্তোলনের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সিলেট জেলা প্রশাসন। রোববার বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ। গত ২২ জুন সিলেট জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেন।

অফিস আদেশে জানানো হয়, গত ২৪ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার দেওয়া নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবে সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে মরদেহ উত্তোলন করা হবে। ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৭৬(২) ধারা অনুযায়ী কবর থেকে মরদেহ উত্তোলনের সময় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ উপস্থিত থাকবেন। সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ সালমান শাহর লাশ তোলার আবেদন করেছিলেন।

এদিকে, ২৩ জুন ঢাকার আদালতে মামলার বাদী মোহাম্মদ আলমগীর লাশ উত্তোলনের আদেশ বাতিল চেয়ে আবেদন করেন। আদালত আবেদনটি নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন। এর আগে গত ২০ অক্টোবর আদালত প্রয়াত এই নায়কের মৃত্যু রহস্য উদঘাটনে হত্যা মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

১৯৯৬ সালে সালমান শাহর মৃত্যুর ঘটনার পর দায়ের করা হত্যা মামলায় তার প্রাক্তন স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ মোট ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। তিন দশক পেরিয়ে এই পদক্ষেপকে ঘিরে ভক্ত ও সাধারণ মহলে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।