জুলাই ৯, ২০২৬, ০৭:০১ পিএম
আশির দশকের জনপ্রিয় ওয়েলশ পপ গায়িকা ও গীতিকার বনি টাইলার ৭৫ বছর বয়সে পর্তুগালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বুধবার রাতে তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে তার পরিবার ও সংশ্লিষ্ট ব্যান্ড দল।দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর হাসপাতালে মারা যান এই কিংবদন্তি শিল্পী।
গত মে মাসে পর্তুগালের ফারোর কাছে একটি হাসপাতালে জরুরি অস্ত্রোপচার হয় তার অন্ত্রে। অস্ত্রোপচারের পর কিছু সময় কোমায় থাকা বনি টাইলারের শারীরিক অবস্থার পরবর্তীতে অবনতি ঘটে। সবশেষে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তার স্বতন্ত্র কর্কশ কণ্ঠস্বর বিশ্বসংগীতে তাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল, যা মূলত একটি অস্ত্রোপচারের অনাকাঙ্ক্ষিত ফলাফল ছিল।
১৯৭৭ সালে ভোকাল কর্ডে অস্ত্রোপচারের পর চিকিৎসকের নিষেধ সত্ত্বেও চিৎকার করায় তার কণ্ঠস্বর স্থায়ীভাবে বদলে যায়। এই বৈশিষ্ট্যকেই তিনি পরবর্তীতে নিজের পরিচয়ের মূল হাতিয়ার করে তোলেন। তার ক্যারিয়ারের অন্যতম জনপ্রিয় গান `টোটাল ইক্লিপস অফ দ্য হার্ট` বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলে এবং তাকে গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন এনে দেয়। এছাড়া `হোল্ডিং আউট ফর আ হিরো` প্রকাশের মাধ্যমে আন্তর্জাতিক পপ সংগীতে নিজের শক্ত অবস্থান গড়ে তোলেন তিনি। দুটি গানই পরবর্তীতে চলচ্চিত্র ও বিজ্ঞাপনে বারবার ব্যবহৃত হয়েছে।
দক্ষিণ ওয়েলসে ১৯৫১ সালে জন্মগ্রহণ করা গেইনর হপকিন্স থেকে বনি টাইলার হয়ে ওঠার যাত্রা ছিল এক সংগ্রামের গল্প। মাত্র সাত বছর বয়সে সংগীতের প্রতি অনুরাগী হয়ে ওঠেন এবং সত্তরের দশকে ব্যাকিং ভোকালিস্ট হিসেবে জীবন শুরু করেন। সংগীতের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে তাকে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার সম্মাননায় ভূষিত করা হয়। প্রোপার্টি ডেভেলপার রবার্ট সুলিভানের সাথে দীর্ঘ দাম্পত্য জীবনে তিনি কোনো সন্তানের মা হননি, তবে তার কণ্ঠস্বর আজও কোটি ভক্তের হৃদয়ে বেঁচে থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন