জুলাই ১৩, ২০২৬, ০৬:০৫ পিএম
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট ও হবিগঞ্জসহ দেশের বেশ কয়েকটি জেলা এখন পানির নিচে। পানিবন্দি হাজারো মানুষ আশ্রয়কেন্দ্রে বা নিজেদের ঘরের ছাদে চরম সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। এমন ভয়াবহ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন শোবিজ অঙ্গনের কয়েকজন তারকা।দুর্গত এলাকার বাসিন্দাদের সাহায্যে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন তারা।
অভিনেতা ইরফান সাজ্জাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলের বর্তমান পরিস্থিতির বর্ণনা দিয়ে লিখেছেন, বাঁশখালী, সাতকানিয়া, চকরিয়া, লোহাগাড়া, কক্সবাজার ও বান্দরবান এলাকাগুলো এখন ভয়াবহ সংকটে। তিনি আক্ষেপ করে লেখেন, অতীতে দেশের বিভিন্ন স্থানে বন্যা হলে চট্টগ্রামের মানুষ যেভাবে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে ঝাঁপিয়ে পড়েছিলেন, এবার সেই চট্টগ্রামের মানুষের বিপদকালে তেমন জোরালো সাড়া লক্ষ্য করা যাচ্ছে না। অথচ কবর থেকে লাশ ভেসে যাচ্ছে, মানুষ মানবেতর জীবনযাপন করছে। তিনি দুর্গতদের জন্য আল্লাহর কাছে রহমত কামনা করেছেন।
অন্যদিকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দোয়া চেয়ে লিখেছেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত সব মানুষের জন্য আন্তরিক দোয়া রইল। এই কঠিন সময়ে যারা প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকার ক্ষতির মুখোমুখি হয়েছেন, তাদের জন্য তিনি ধৈর্য ও শক্তির প্রার্থনা করেছেন। যারা নিরলসভাবে উদ্ধার ও ত্রাণ কাজে নিয়োজিত আছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পরিস্থিতির দ্রুত উন্নতির প্রত্যাশা করে মেহজাবীন সবাইকে যার যার সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।
অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনিও বন্যাকবলিত মানুষের জন্য সহায়তার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, সাতটিরও বেশি জেলা এখন পানির নিচে। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় মানুষ খাদ্য সংকটে পড়েছে। যারা ভালো আছেন, তাদের দায়িত্ব হলো দুর্গতদের পাশে দাঁড়ানো। এক প্যাকেট শুকনো খাবার বা এক বোতল পানিও অনেক বড় সাহায্য হতে পারে। তিনি নিরাপদ আশ্রয়ে থাকা এবং অন্যকে সম্ভাব্য সব উপায়ে সহায়তা করার আহ্বান জানিয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন