শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬,

বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস আজ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১২:২১ পিএম

বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস আজ

ছবি: সংগৃহীত

ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম অগ্রগামী বিপ্লবী এবং উপমহাদেশের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস আজ। উপমহাদেশের মুক্তিসংগ্রামের ইতিহাসে দিনটি এক অবিস্মরণীয় অধ্যায়। ঐতিহাসিক তথ্য অনুযায়ী ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণের সামরিক অভিযানে সফল নেতৃত্ব দেন প্রীতিলতা। সফল অভিযান শেষে ফিরে আসার পথে তিনি ঔপনিবেশিক ব্রিটিশ পুলিশের গুলিতে আহত হন। একপর্যায়ে সাম্রাজ্যবাদী বাহিনীর হাতে জীবন্ত গ্রেপ্তার এড়াতে তিনি পটাশিয়াম সায়ানাইড গ্রহণ করে আত্মাহুতি দেন।

বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ঘনিষ্ঠ এই সহযোদ্ধা ১৯১১ সালের ৫ মে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা জগদ্বন্ধু ওয়াদ্দেদার ছিলেন চট্টগ্রাম মিউনিসিপ্যাল অফিসের প্রধান কেরানি এবং মা প্রতিভা দেবী ছিলেন গৃহিণী। মেধাবী ছাত্রী হিসেবে প্রীতিলতা ১৯২৭ সালে ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কয়েকটি বিষয়ে লেটার মার্কসহ প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন সম্পন্ন করেন।

এরপর তিনি ঢাকার ইডেন মহিলা কলেজে ভর্তি হন এবং সেখানেই গোপনে সক্রিয় বিপ্লবী সংগঠনের সাথে যুক্ত হন। শিক্ষাজীবনে অসাধারণ মেধার স্বাক্ষর রেখে ১৯২৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ইন্টারমিডিয়েট পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় পঞ্চম স্থান এবং ছাত্রীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন প্রীতিলতা।

উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি কলকাতায় যান এবং সেখানকার বেথুন কলেজ থেকে দর্শন শাস্ত্রে সাফল্যের সাথে স্নাতক ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন সমাপ্ত করে চট্টগ্রামে ফিরে তিনি নন্দনকানন উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। শিক্ষকতার পাশাপাশি প্রীতিলতা ব্রিটিশবিরোধী সশস্ত্র মুক্তিসংগ্রামে স্থানীয় নারী বিপ্লবীদের সংগঠিত করা এবং তাদের শারীরিক ও আত্মরক্ষামূলক প্রশিক্ষণ প্রদানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।