বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,

তৃতীয় শ্রেণিতে প্রেমের চিঠি পেয়ে ভয়ে ছিঁড়ে ফেলি‍‍`

বিনোদন ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১০:৫৫ পিএম

তৃতীয় শ্রেণিতে প্রেমের চিঠি পেয়ে ভয়ে ছিঁড়ে ফেলি‍‍`

ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা শৈশবের এক মজার স্মৃতির কথা প্রকাশ্যে এনেছেন। মাত্র তৃতীয় শ্রেণিতে পড়ার সময় প্রথম প্রেমের প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে সেই প্রস্তাবে সাড়া দেওয়া দূরে থাক, মায়ের ভয়ে চিঠিটি সঙ্গে সঙ্গেই ছিঁড়ে ফেলেছিলেন। সম্প্রতি শান্তা জাহানের উপস্থাপনায় একটি আলাপচারিতামূলক অনুষ্ঠানে অংশ নিয়ে অভিনেত্রী তাঁর ছেলেবেলার এই ঘটনার স্মৃতিচারণ করেন।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে প্রভা জানান, তৃতীয় শ্রেণিতে পড়ার সময় তিনি প্রথম একটি প্রেমের চিঠি পান। যিনি চিঠিটি পাঠিয়েছিলেন, তিনিও বয়সে বেশ ছোট ছিলেন এবং সম্ভবত সপ্তম বা অষ্টম শ্রেণিতে পড়তেন। সেই বয়সে চিঠিটি পাওয়ার পর তিনি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন। তাঁর বারবার মনে হচ্ছিল মা জানতে পারলে মারধর করবেন, আর সেই আতঙ্কেই তিনি চিঠিটি টুকরো টুকরো করে ফেলে দেন।

চিঠির কোনো উত্তর তিনি দিয়েছিলেন কি না জানতে চাওয়া হলে অভিনেত্রী স্পষ্ট জানান যে কোনো জবাব তিনি দেননি। পরবর্তীতে ওই কিশোরও আর কখনো তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেনি এবং তাদের মধ্যে আর কোনোদিন দেখাও হয়নি বলে জানান তিনি।

স্মৃতিচারণের একপর্যায়ে শৈশবে পারিবারিক কড়া শাসনের প্রসঙ্গটিও তুলে ধরেন এই তারকা। ছোটবেলায় পরিবার থেকে শাসন করা হতো কি না জানতে চাইলে প্রভা জানান, ছেলেবেলা থেকেই তিনি কড়া শাসনের মধ্যে বড় হয়েছেন এবং সেই ধারাবাহিকতা এখনও অব্যাহত রয়েছে। তিনি জানান, ছোটবেলায় ভাত না খেলে মা যেমন বকা দিতেন, তেমনি এখনও বেশি খাবার খেলে মোটা হয়ে যাওয়ার ভয়ে মা সতর্ক করেন। তবে মায়ের কাছ থেকে নিয়মিত শাসন পেলেও বাবার পক্ষ থেকে কখনো তেমন কোনো কড়া শাসনের মুখোমুখি হতে হয়নি বলে জানান প্রভা।