বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,
সরকারি প্রজ্ঞাপন জারি

নৌপথে যাত্রীদের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি সরকারের

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১০:১৮ পিএম

নৌপথে যাত্রীদের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি সরকারের

দেশের বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে অভ্যন্তরীণ নৌরুটে যাত্রী পরিবহনের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে জারি করা এই আদেশের মাধ্যমে নৌপথে যাত্রীপ্রতি সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছন্দা পালের স্বাক্ষরে এই সংক্রান্ত প্রজ্ঞাপন কার্যকর করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন বিধিমালা ২০১৯-এর বিধি ২৭ অনুযায়ী এই নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। পুনর্নির্ধারিত হার অনুযায়ী, নৌপথে প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি ভাড়া দুই টাকা ৯৫ পয়সা থেকে ২২ পয়সা বাড়িয়ে তিন টাকা ১৭ পয়সা করা হয়েছে। পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য ভাড়া দুই টাকা ৫২ পয়সা থেকে ১৯ পয়সা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে দুই টাকা ৭১ পয়সায়।

নৌপথে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে তিন টাকা বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখিত নির্দেশনায় বলা হয়েছে, নতুন ভাড়ার তালিকা দেশের সব নদীবন্দর টার্মিনাল এবং নৌযানের প্রকাশ্য দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখা বাধ্যতামূলক। একই সঙ্গে যাত্রীভাড়া সংক্রান্ত আগের জারি করা সব প্রজ্ঞাপন ও আদেশ বাতিল করা হয়েছে। জনস্বার্থে ঘোষিত এই পুনর্নির্ধারিত ভাড়া গত ২৪ সেপ্টেম্বর থেকে কার্যকর বলে গণ্য হবে।