বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১০:২২ পিএম

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

ছবি: দিনাজপুর টিভি আর্কাইভ

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে কম বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের মান কমেছে। একই সঙ্গে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আগামী অক্টোবর মাসে নীতি সুদের হার বাড়াবে না বলে জোরালো ইঙ্গিত মিলেছে। সুদের হার অপরিবর্তিত থাকার এই পূর্বাভাসের জেরে বিশ্ববাজারে সুদবিহীন সম্পদ হিসেবে পরিচিত স্বর্ণের দামে বড় ধরনের ঊর্ধ্বগতি তৈরি হয়েছে। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক সাত শতাংশ বেড়ে প্রতি আউন্স চার হাজার ২০৯ দশমিক ৭১ ডলারে দাঁড়িয়েছে। 

একই সময়ে যুক্তরাষ্ট্রের ফিউচারস মার্কেটে স্বর্ণের দর এক দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স চার হাজার ২৪১ দশমিক ৯০ ডলারে পৌঁছেছে।বাজারের এই উত্থান সম্পর্কে নিউইয়র্কের স্বাধীন ধাতু ব্যবসায়ী তাই ওং আন্তর্জাতিক বার্তা সংস্থাকে জানান, ফেডারেল রিজার্ভ বর্তমানে অত্যন্ত সতর্কতার সঙ্গে সার্বিক মূল্যস্ফীতি পর্যবেক্ষণ করছে। মূল্যস্ফীতির সর্বশেষ এই পরিসংখ্যান অক্টোবরে সুদের হার নতুন করে বাড়ানোর সম্ভাবনা অনেকটাই নাকচ করে দিয়েছে। 

এর সরাসরি সুফল হিসেবে স্বর্ণের বাজারে কেনাবেচার গতি ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে।স্বর্ণের দর বাড়লেও আন্তর্জাতিক বাজারে রুপার দাম শূন্য দশমিক পাঁচ শতাংশ কমে প্রতি আউন্স ৬১ দশমিক ১৫ ডলারে নেমেছে। অন্যদিকে প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক চার শতাংশ বেড়ে প্রতি আউন্স এক হাজার ৭১১ দশমিক ৭৭ ডলার হলেও প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক এক শতাংশ কমে প্রতি আউন্স এক হাজার ২২১ দশমিক ৩৬ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্ববাজারের এই অস্থিরতার মধ্যেই দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের সবচেয়ে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ভ্যাটসহ দাঁড়িয়েছে দুই লাখ ৩০ হাজার ৭৭২ টাকায়।এর পাশাপাশি স্থানীয় বাজারে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম দুই লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম এক লাখ ৫৪ হাজার ২৫৬ টাকায় বিক্রি হচ্ছে।