সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০৯:১১ পিএম
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সাম্প্রতিক অগ্রগতি ধরে রাখা এবং বাজারে নতুন করে ব্যয় বৃদ্ধির চাপ মোকাবিলায় নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিদ্যমান নীতি সুদহার ৯ দশমিক ৫ শতাংশেই বহাল থাকবে। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি বিবৃতি প্রকাশ করে এই সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়।
মুদ্রানীতি কমিটির চতুর্দশ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গত আগস্টে সাধারণ মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশে নেমেছে, যা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। তবে সরকারঘোষিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং নতুন জাতীয় পে-স্কেলের আংশিক বাস্তবায়ন বাজারে নতুন করে মূল্যস্ফীতি উসকে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে। পাশাপাশি রাজস্ব খাতের ওপর নতুন চাপও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের অর্জন ব্যাহত করতে পারে।
চলতি মাসের শুরুতে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোয় পরিবহন, উৎপাদন নেটওয়ার্ক ও কৃষি খাতে ব্যয় বাড়তে শুরু করেছে। আগস্টে খাদ্য মূল্যস্ফীতি কমে ৭ দশমিক শূন্য ২ শতাংশে নামলেও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি এখনও ৯ দশমিক ৩২ শতাংশের উচ্চ স্তরে রয়েছে।
মুদ্রানীতি প্রকাশ অনুষ্ঠানে ডেপুটি গভর্নর হাবিবুর রহমান জানান, স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি হার ১১ শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি হার ৭ দশমিক ৫ শতাংশে অপরিবর্তিত রয়েছে। বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি, হরমুজ প্রণালির সংঘাতে জাহাজ চলাচল ব্যাহত হওয়া এবং অভ্যন্তরীণ জ্বালানির দাম বাড়ায় সামগ্রিক মূল্যস্ফীতিতে বড় ধাক্কা লাগতে পারে। বাংলাদেশ ব্যাংক সতর্ক করেছে, বর্তমান পরিস্থিতিতে অকালে মুদ্রানীতি শিথিল করা হলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের নির্ধারিত লক্ষ্যমাত্রা আরও পিছিয়ে যাবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন