বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,

জাবির হোটেলে হামলায় ৭ আসামির সম্পৃক্ততা মেলেনি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০৯:২৫ পিএম

জাবির হোটেলে হামলায় ৭ আসামির সম্পৃক্ততা মেলেনি

ছবি: সংগৃহীত

যশোরের পাঁচ তারকা মানের আবাসিক হোটেল জাবির ইন্টারন্যাশনালে লুটপাট, অগ্নিসংযোগ ও ২৪ জনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার সাতজনকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন জানিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। তদন্তে তাদের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মেলেনি বলে উল্লেখ করা হয়েছে। বুধবার কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন আদালতে এই প্রতিবেদন দাখিলের বিষয়টি নিশ্চিত করেন।

আদালতে দাখিল করা প্রতিবেদনে মো. আব্দুল খালেক, মো. এনামুল হক, আব্দুর রহমান শাওন, সৈয়দ কবির হোসেন জনি, এস এম আজহার হোসেন স্বপন, কাজী রবিউল হোসেন এবং মো. ইমন কাজীকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদ ও সাক্ষীদের বক্তব্য পর্যালোচনা করে ঘটনার সাথে তাদের সরাসরি যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়নি।

মামলার পরবর্তী সিদ্ধান্ত এখন আদালতের ওপর নির্ভর করছে। মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে যশোর শহরের চিত্রা মোড় এলাকার ওই হোটেলে গানপাউডার ও পেট্রোল নিয়ে দুর্বৃত্তরা প্রবেশ করে। তারা হোটেলের ক্যাশ ভল্ট ভেঙে নগদ ৯০ লাখ টাকাসহ বিপুল পরিমাণ বৈদ্যুতিক সরঞ্জাম, জেনারেটর, ট্রান্সফরমার ও মূল্যবান আসবাব লুট করে।

লুটপাটের পর ভবনটির নিচতলা থেকে ১৬ তলা পর্যন্ত আগুন ধরিয়ে দেওয়া হলে সেখানে অবস্থানরত একজন ইন্দোনেশিয়ার নাগরিকসহ ২৪ জনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের মধ্যে হোটেলের কর্মচারী ও বোর্ডারও ছিলেন।

ঘটনার প্রায় দুই সপ্তাহ পর ১৮ আগস্ট অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন নিহতদের এক আত্মীয়। অগ্নিকাণ্ডে হোটেলের মূল্যবান নথিপত্র, তিনটি লিফট ও অভ্যন্তরীণ ডেকোরেশন সম্পূর্ণ পুড়ে যায়। দীর্ঘ তদন্ত শেষে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় চূড়ান্ত এই আবেদন করল পুলিশ।