বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,

শিক্ষকদের আরও আন্তরিক হতে হবে: ডিসি রফিকুল ইসলাম

এনামুল মবিন(সবুজ)

সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০৮:০৭ পিএম

শিক্ষকদের আরও আন্তরিক হতে হবে: ডিসি রফিকুল ইসলাম

ছবি: দিনাজপুর টিভি

শ্রেণিকক্ষে আরও বেশি যত্নশীল ও আন্তরিক হয়ে আনন্দদায়ক পরিবেশে শিশুদের পাঠদান করানোর জন্য শিক্ষকদের প্রতি জোর আহ্বান জানিয়েছেন দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম। শিক্ষকদের নিজেদের প্রতিটি বিষয়ে দক্ষ ও পারদর্শী হিসেবে গড়ে তুলতে হবে। বুধবার বিকেলে চিরিরবন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ‍‍`প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয়‍‍` শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তাগিদ দেন। 

বিকাল চারটা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চলা এই সভায় জেলা প্রশাসক বলেন, শ্রেণিকক্ষে শিশুদের আকৃষ্ট করতে হলে শিক্ষকদের পাঠদানে নানামুখী সৃজনশীল কৌশল উদ্ভাবন করতে হবে এবং নিয়মিত বেশি বেশি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের পেশাগতভাবে দক্ষ ও স্মার্ট হওয়ার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম এবং সহকারী কমিশনার শাহানা আফরোজ। 

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতোয়ার রহমান, একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী এবং সহকারী শিক্ষা কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ও মনজুরুল ইসলাম। এছাড়া চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলমসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং উপজেলা শিক্ষা অফিসের আমতলী ক্লাস্টারের আওতাধীন বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৫ জন শিক্ষক মতবিনিময় সভায় অংশ নেন।