বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,
পে-স্কেল বাস্তবায়ন

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০৯:০৬ পিএম

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করার জন্য কোনো পৃথক প্রজ্ঞাপন জারির প্রয়োজন হবে না। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ঘোষিত পে-স্কেলের গেজেটের মাধ্যমেই এমপিওভুক্ত জনবল বেতন ও ভাতা পাবেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে এক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এ তথ্য নিশ্চিত করেন।

নায়েম মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আয়োজনে শিক্ষা সচিব জানান, সরকারি কর্মচারীদের জন্য যে প্রজ্ঞাপন জারি হয়েছে, সেটিই এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের ক্ষেত্রে সরাসরি কার্যকর হবে। ফলে এই প্রক্রিয়ায় কোনো দীর্ঘসূত্রতা তৈরি হবে না।

বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘদিনের অবসর ভাতা জটিলতা নিরসনে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন সচিব। তিনি বলেন, আগে বছরের পর বছর শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতার অর্থের জন্য ঘুরতে হতো। বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর সেই জটিলতা দূর করার উদ্যোগ গ্রহণ করায় ইতিমধ্যে শিক্ষকেরা ভাতার অর্থ পেতে শুরু করেছেন।

দেশে শিক্ষার মানোন্নয়নে পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষককে সরকারি ব্যবস্থাপনায় বিশেষ প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথাও জানান আবদুল খালেক। শিক্ষকদের ন্যায়সংগত সব দাবি পূরণের বিষয়ে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষকেরা জাতির বিবেক এবং তাঁদের মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠবে। একই সঙ্গে সদ্য জাতীয়করণ করা কলেজগুলোর শিক্ষকদের চাকরি দ্রুত স্থায়ী করা এবং তাঁদের জন্য বদলি ব্যবস্থা চালুর পদক্ষেপ নেওয়া হচ্ছে।