সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০৪:১০ পিএম
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে প্রথম ধাপে চূড়ান্ত মনোনয়ন পেয়ে নিশ্চায়ন সম্পন্ন করা শিক্ষার্থীদের কেউ কলেজ পরিবর্তন করতে চাইলে দ্বিতীয় ধাপে অংশ নেওয়ার আগে আগের ভর্তি বা মনোনয়ন বাতিল করতে হবে। এ জন্য আগামী ১ অক্টোবর বৃহস্পতিবার বিকেল চারটার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কলেজ শাখায় সরাসরি উপস্থিত হয়ে ভর্তি বাতিলের আনুষ্ঠানিক আবেদন সম্পন্ন করতে হবে। বাতিলের ক্ষেত্রে প্রমাণক হিসেবে শিক্ষার্থীর মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র সঙ্গে জমা দিতে হবে।
একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে অনলাইন আবেদনের সময়সীমা বাড়িয়ে নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীরা আগামী ১ অক্টোবর রাত আটটা পর্যন্ত দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন সম্পন্ন করতে পারবেন। একই সাথে দ্বিতীয় ধাপের ফলাফল প্রকাশ, নিশ্চায়ন, স্বয়ংক্রিয় মাইগ্রেশন এবং চূড়ান্ত ভর্তির পুরো সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামানের সই করা সংশোধিত ও জরুরি বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রথম ধাপে চূড়ান্ত মনোনয়ন ও নিশ্চায়ন করেও যারা কোনো কারণে ভর্তি হতে পারেননি, ভর্তি বাতিল করে অন্য কলেজে আবেদন করতে চান, তারা এই সুযোগ পাবেন।
আগে যারা কোনো আবেদন করেননি বা আবেদন করেও প্রথম ধাপে কোনো কলেজে নির্বাচিত হননি, তারাও দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন। এ ছাড়া চূড়ান্ত মনোনয়ন পেয়েও যারা নির্ধারিত সময়ে নিশ্চায়ন করতে ব্যর্থ হয়েছেন বা ভুল কোটা নির্বাচনের কারণে ভর্তি হতে পারেননি, তাদের জন্যও দ্বিতীয় ধাপ উন্মুক্ত রাখা হয়েছে। দ্বিতীয় ধাপের নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে আগামী ৫ অক্টোবর রাত আটটায়। ফল প্রকাশের পর থেকে ৮ অক্টোবর রাত আটটা পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীরা অনলাইনে নিশ্চায়ন সম্পন্ন করার সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন সম্পন্ন না করলে শিক্ষার্থীর মনোনয়ন ও আবেদন সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। দ্বিতীয় ধাপে নিশ্চায়ন সম্পন্ন করা শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী যাদের স্বয়ংক্রিয় মাইগ্রেশন হবে, তাদের ফল প্রকাশিত হবে ৯ অক্টোবর রাত আটটায়।
এরপর আগামী ১১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট কলেজগুলোতে সশরীরে চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে। প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তারা শুধু ভর্তি সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে নিজস্ব অ্যাকাউন্টে লগইন করে কলেজের পছন্দক্রম পুনরায় নির্বাচন বা সম্পাদনা করতে পারবেন। আবেদনের সময় আসনসংখ্যা বিবেচনায় পছন্দতালিকায় সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ নির্বাচন করতে হবে এবং কোটায় আবেদনের ক্ষেত্রে নিজস্ব যোগ্যতা সতর্কতার সাথে যাচাই করতে হবে। বিপুলসংখ্যক শিক্ষার্থী সময়মতো নিশ্চায়ন ও ভর্তি সম্পন্ন না করায় জটিলতা এড়াতে এই পুনর্নির্ধারণ করা হয়েছে বলে আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন