সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০৯:৪০ পিএম
রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ধানমন্ডির এগারো নম্বর সড়কে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আটক যুবকের নাম রেজাউল ইসলাম। বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ জানিয়েছে, মধ্যরাতে ওই সড়কের একটি বাড়ির সামনের পাকা রাস্তায় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের শব্দ পেয়ে পুলিশ দ্রুত এগিয়ে গেলে গলির ভেতর দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন রেজাউল। সে সময় তাকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল পুলিশকে জানিয়েছে, নিউমার্কেট এলাকার একটি চায়ের দোকানে অজ্ঞাত এক ব্যক্তি তাকে এই বিস্ফোরণ ঘটানোর প্রস্তাব দিয়েছিল। ঘটনার দশ থেকে বারো দিন আগের ওই আলোচনায় কাজটি সম্পন্ন করার বিনিময়ে তাকে ৫০ হাজার টাকা দেওয়ার চুক্তি হয়।
পরিকল্পনা অনুযায়ী গত সোমবার ঘটনাস্থল রেকি করে যায় রেজাউল। এরপর মঙ্গলবার মধ্যরাতে এসে ককটেল দুটি বিস্ফোরণ ঘটায় সে। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের বিভিন্ন আলামত ও অংশবিশেষ সংগ্রহ করেছে পুলিশ। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন