সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১০:০৭ পিএম
দিনাজপুরের বিরলে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত পদক্ষেপের ওপর গুরুত্ব দেওয়া হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল এমরান, উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, পৌর বিএনপির সহসভাপতি আসাদুল হক হীরা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জ্বীময় সরকার।
বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী গোলাম মির্জা সাহেরুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বিরল জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক আব্দুর রশিদ, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আ স ম নাসিরুল হক এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিরল উপজেলা শাখার আহ্বায়ক দীনেশ চন্দ্র রায়।
উপজেলার প্রতিটি মণ্ডপের নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা নিশ্চিতে স্থানীয় প্রশাসন, পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দায়িত্বশীল ভূমিকা পালনের আশ্বাস দেন। সভায় বিরল উপজেলার সকল সার্বজনীন ও পারিবারিক দুর্গাপূজা মণ্ডপের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উৎসব চলাকালীন সার্বিক নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে বিভিন্ন মণ্ডপ কমিটির প্রতিনিধিদের হাতে সিসি ক্যামেরা তুলে দেন প্রধান অতিথি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন