বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,

দিল্লিতে মার্কিন দূতদের আঞ্চলিক সম্মেলনে ক্রিস্টেনসেন

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০৯:৫২ পিএম

দিল্লিতে মার্কিন দূতদের আঞ্চলিক সম্মেলনে ক্রিস্টেনসেন

ভারতে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াভিত্তিক আঞ্চলিক রাষ্ট্রদূত সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

মঙ্গলবার নয়াদিল্লিতে এই সম্মেলনের আয়োজন করেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।

কূটনৈতিক তৎপরতা জোরদারে নয়াদিল্লিতে একত্রিত হয়েছেন কূটনীতিকেরা। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে অংশ নেওয়া রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের সঙ্গে সরাসরি কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৈঠকে বাংলাদেশ ছাড়াও কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কায় নিযুক্ত মার্কিন মিশনপ্রধানেরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্মেলনে নিজের ভার্চুয়াল উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন। তিনি উল্লেখ করেন যে দক্ষিণ ও মধ্য এশিয়ায় দায়িত্ব পালনরত শীর্ষ মার্কিন কূটনীতিকদের সঙ্গে মতবিনিময়ের এই সুযোগ অত্যন্ত ইতিবাচক। মার্কিন রাষ্ট্রদূতরা নিজের দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে দায়িত্বশীলতার সাথে কাজ করছেন বলে মন্তব্য করেন তিনি।

সম্মেলনে অংশ নিতে বিশেষ সফরে বর্তমানে নয়াদিল্লি অবস্থান করছেন ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর আওতাধীন দেশগুলোর সাথে ওয়াশিংটনের সামগ্রিক কূটনৈতিক সম্পর্ক ও আঞ্চলিক কৌশল সমন্বয়ের জন্য এই ধরনের বৈঠক কার্যকর ভূমিকা রাখে। নিরাপত্তা জোরদার, অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ এবং বৃহত্তর এই অঞ্চলে কূটনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি করাই মূলত মার্কিন মিশনগুলোর এই সমন্বয়ের মূল লক্ষ্য। সম্মেলনের আয়োজক সার্জিও গোরও এক্সে দেওয়া এক বার্তায় সম্মেলনে অংশ নেওয়া দক্ষিণ ও মধ্য এশিয়ার রাষ্ট্রদূতদের ভারতে স্বাগত জানান।

নয়াদিল্লির এই কূটনৈতিক সমন্বয় এমন এক সময়ে সম্পন্ন হলো যখন এই অঞ্চলে নিজেদের সম্পৃক্ততা আরও জোরদারে সক্রিয় উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এই কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে আগামী অক্টোবরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উজবেকিস্তান সফরের কথা রয়েছে। সেই সফরে তিনি মধ্য এশিয়ার পাঁচটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে সি ফাইভ প্লাস ওয়ান মন্ত্রী পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠকে সরাসরি অংশ নেবেন।