অক্টোবর ৩, ২০২৬, ১১:১৬ এএম
অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করে পরিচিতি পাওয়া বলিউড অভিনেত্রী পেরিজাদ জোরাবিয়ান রুপালি পর্দা থেকে সরে দাঁড়িয়েছেন অনেক আগেই। ব্যবসায়ী বোমান ইরানির সঙ্গে বিয়ের পর তিনি অভিনয় জগত থেকে পুরোপুরি নিজেকে সরিয়ে নেন। বর্তমানে তিনি পরিবারের দায়িত্ব সামলানোর পাশাপাশি সফলভাবে পরিচালনা করছেন নিজেদের পারিবারিক পোলট্রি ব্যবসা।
তার প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার এখন প্রায় ১৫৩ কোটি ৯৬ লাখ টাকা। পেরিজাদ যখন তাদের পারিবারিক ব্যবসা ‘জোরাবিয়ান’-এর দায়িত্ব নেন, তখন প্রতিষ্ঠানটি কঠিন আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। নিজের মেধা ও পরিশ্রম দিয়ে তিনি সেই ব্যবসাকে ঘুরে দাঁড় করান। বর্তমানে এটি একটি বড় পোলট্রি ও খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই বিশাল ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় ৭০০ কর্মী।
অভিনয়ে আসার আগে তিনি উচ্চশিক্ষাও সম্পন্ন করেন। নিউইয়র্ক থেকে এমবিএ করার পর লি স্ট্র্যাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয়ের ওপর প্রশিক্ষণ নেন এই অভিনেত্রী। এরপর নাগেশ কুকুনুরের ‘বলিউড কলিং’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। ‘জগার্স পার্ক’ ও ‘এক অজনবি’র মতো সিনেমায় তিনি দর্শকের নজরে আসেন।
তবে বিয়ের পর পরিবারের অগ্রাধিকার তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। পরিবারকে সময় দিতে ‘সালাম-ই-ইশক’-এর মতো বড় বাজেটের সিনেমার প্রস্তাবও তিনি ফিরিয়ে দিয়েছিলেন। এখন আর পর্দায় দেখা না গেলেও ব্যবসায়ী হিসেবে ভিন্ন জগতে তার এই সাফল্যের গল্প বেশ আলোচিত হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন