অক্টোবর ৩, ২০২৬, ১১:৩৯ এএম
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বিস্তৃত এলাকায় শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রিডের জরুরি রক্ষণাবেক্ষণ, রেডহট নিরসন ও সঞ্চালন লাইনের পাশের গাছের ডালপালা কাটার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, শনিবার সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই বিদ্যুৎ বিভ্রাট চলবে। এর আওতায় রয়েছে বড়াইগ্রাম-১ অর্থাৎ বনপাড়া এবং বড়াইগ্রাম-৩ অর্থাৎ গড়মাটি উপকেন্দ্রের সব ফিডার।
দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার কারণে বনপাড়া পৌরসভা এলাকার গ্রাহকরা সরাসরি বিদ্যুৎহীন থাকবেন। পাশাপাশি জোয়াড়ি, মাঝগাঁও, নগর, গোপালপুর, চান্দাই এবং দুয়াড়িয়া ইউনিয়নের বিভিন্ন অংশে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। দিনভর এই এলাকাগুলোতে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হতে পারে। সমস্যায় পড়বেন কয়েক হাজার পরিবার।
পল্লী বিদ্যুৎ সমিতির বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের অগ্রগতির ওপর নির্ভর করে এই সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। তবে কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে তাৎক্ষণিকভাবে যেকোনো সময় লাইন পুনরায় চালু করা হবে। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন