রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,
আবহাওয়া পূর্বাভাস

আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩, ২০২৬, ১২:০৯ পিএম

আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু

দেশের বিভিন্ন বিভাগে আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চলতি মাসের মাঝামাঝি সময়ে বিদায় নিতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।

শনিবার আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এই তথ্য জানান।

রোববার ও সোমবার সকাল ৯টা থেকে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্য এলাকাগুলোতে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার কথা জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার বৃষ্টির আওতা কিছুটা বাড়বে। এদিন রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের পাশাপাশি রাজশাহী এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার বৃষ্টিপাতের এলাকা আরও পরিবর্তিত হবে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ঝড়বৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী পাঁচ দিন পর বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।