অক্টোবর ৩, ২০২৬, ১২:০৫ পিএম
ফারাক্কা চুক্তি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার সকালে নদী ও পরিবেশবাদী সংগঠন নোঙর বাংলাদেশের উদ্যোগে পঞ্চগড়ের তেঁতুলিয়ার ডাকবাংলো প্রাঙ্গণে মহানন্দা নদী এলাকায় নোঙর রিভার ক্যাম্পের কার্যক্রমের উদ্বোধন ও নদী তীরবর্তী এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
আন্তঃসীমান্ত নদীর পানির হিস্যার বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী জানান যে ভারতের সঙ্গে বাংলাদেশের ৫৪টি এবং মিয়ানমারের সঙ্গে তিনটি অভিন্ন নদী রয়েছে। তিনি ফারাক্কা চুক্তির বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন। ৩০ বছর মেয়াদি এই ঐতিহাসিক চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে সরকার নতুন করে চুক্তি নবায়নের সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে। এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের কারিগরি কমিটি কাজ করছে।
নদী ও খাল পুনরুদ্ধার কার্যক্রমে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রতিমন্ত্রী স্পষ্ট করেন যে নদী দখলমুক্ত করতে কোনো ধরনের দলীয় দৃষ্টিভঙ্গি বিবেচনা করা হবে না। দেশের খনন ও পুনরুদ্ধার করা নদী, খাল কিংবা যেকোনো জলাশয় কোনোভাবেই পুনরায় দখলের সুযোগ দেওয়া হবে না। নদী উদ্ধারে অপরাধীর রাজনৈতিক পরিচয় আমলে না নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি ভারতের সঙ্গে ফারাক্কা চুক্তি নবায়ন এবং সব আন্তঃসীমান্ত নদীতে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার চলমান প্রচেষ্টার কথা বিস্তারিত তুলে ধরেন।
এর আগে মহানন্দা নদীর সীমান্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পরিদর্শন শেষে নোঙর রিভার ক্যাম্পের অফিশিয়াল পতাকা আয়োজকদের হাতে তুলে দিয়ে তিনি কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। মাঠপর্যায়ের কর্মসূচি শেষে তিনি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। নদী ও পরিবেশ রক্ষা বিষয়ক এই বিশেষ কর্মসূচি পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা অতিক্রম করে শেষ পর্যন্ত টেকনাফে গিয়ে শেষ হবে।
অনুষ্ঠানে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, তেঁতুলিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আঁকাশ এবং জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু উপস্থিত ছিলেন। এছাড়া নোঙর বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন সামস, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সদস্য দিন মোহাম্মদ খান, সালাউদ্দীন প্রধান, নাসির খান মিন্টুসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী এবং পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন