অক্টোবর ১১, ২০২৫, ০৪:৪০ পিএম
শাটিকাপ’ এবং ‘সিনপাট’-এর মতো প্রশংসিত ওয়েব সিরিজ দিয়ে যিনি ওটিটি প্ল্যাটফর্মে সাড়া ফেলেছিলেন, সেই নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম এবার আসছেন বড় পর্দায়। সম্প্রতি তিনি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন, যার নাম ‘দেলুটি’। সিরিজ নয়, এবার সিনেমাটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।
ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন প্রযোজিত এই সিনেমার ঘোষণা দেওয়া হয় গত বৃহস্পতিবার (৯ অক্টোবর)। নির্মাতা তাওকীর ইসলাম জানান, ‘দেলুটি’ নামটি নেওয়া হয়েছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। মূলত সেই অঞ্চলের মানুষের জীবনযাত্রা, তাদের সংকট, সংগ্রাম ও সম্পর্কের গল্প থেকেই অনুপ্রাণিত হয়ে এই সিনেমার কাল্পনিক চিত্রনাট্য লেখা হয়েছে।
‘শাটিকাপ’-এর মতোই এই সিনেমাতেও তিনি স্থানীয় অভিনয়শিল্পীদের নিয়েই কাজ করবেন বলে জানিয়েছেন। তাওকীর বলেন, “আমি সব সময়ই বাস্তব মানুষের গল্প বলতে চেয়েছি। ‘দেলুটি’ মূলত সেই চেষ্টারই আরেক ধাপ। এই সিনেমার প্রতিটি চরিত্র, প্রতিটি ফ্রেম আসলে মানুষ ও তাদের জীবনেরই অংশ।”
উল্লেখ্য, ২০২২ সালে রাজশাহীর আঞ্চলিক ভাষায় নির্মিত ওয়েব সিরিজ ‘শাটিকাপ’ দিয়ে আলোচনায় আসেন তরুণ এই নির্মাতা। এরপর ২০২৪ সালে মুক্তি পায় তার দ্বিতীয় সিরিজ ‘সিনপাট’, যা সমালোচক ও দর্শক—উভয় মহলেই ব্যাপক প্রশংসিত হয়। এবার ‘দেলুটি’র মাধ্যমে বড় পর্দায় তিনি কতটা মুনশিয়ানা দেখাতে পারেন, সেদিকেই তাকিয়ে আছেন দর্শকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন