অক্টোবর ১১, ২০২৫, ০৭:৫৪ পিএম
মাত্র ৩৩ সেকেন্ডের এক ঝলক, আর তাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছেন সুপারস্টার শাকিব খান। তার আসন্ন চলচ্চিত্র ‘সোলজার’-এর প্রথম ‘গ্লিমস’ বা ঝলক প্রকাশের পর থেকেই ভক্ত ও সমালোচকদের প্রশংসায় ভাসছেন তিনি। গতানুগতিক অ্যাকশন হিরোর ইমেজ ভেঙে এবার এক ভিন্ন, বাস্তবধর্মী এবং সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে তার উপস্থিতি দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল ও প্রত্যাশার জন্ম দিয়েছে।
প্রকাশিত ওই ঝলকে দেখা যায়, ঘড়ির কাঁটার শব্দের সঙ্গে বাংলাদেশের পতাকা, সামরিক হেলিকপ্টার এবং কিছু অ্যাকশন দৃশ্যের পর হাজির হন শাকিব খান। তার কণ্ঠে শোনা যায় একটি মাত্র সংলাপ—‘তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি?’—যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বিশেষ করে, টিজারের একটি অংশে শাকিবের অভিব্যক্তিপূর্ণ চিৎকার ভক্তদের মনে দাগ কেটেছে।এই বিষয়ে নির্মাতা সাকিব ফাহাদ বলেন, “গ্লিমসে শাকিব খান যে চিৎকার দিয়েছেন, সেটা আসলে দেশের আপামর সাধারণ মানুষের চিৎকার।
আমরা ‘সোলজার’-এ নতুন বাংলাদেশের সেই সাহসী প্রজন্মের গল্প বলতে চাই, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় এবং দেশের জন্য স্বপ্ন দেখে।”টিজারটি প্রকাশের পর থেকেই ভক্তদের মন্তব্যে ভরে গেছে সোশ্যাল মিডিয়া। অনেকেই বলছেন, ‘একদম অন্য শাকিবকে দেখলাম, নিশ্চিত ব্লকবাস্টার।’ একজন ভক্ত লিখেছেন, ‘শাকিব খান, আপনি দিনে দিনে এলিয়েনে পরিণত হচ্ছেন, কারণ আপনার অভিনয় মানুষকে নতুন নতুন মাত্রা দিচ্ছে।’
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়াও আছেন তারিক আনাম খান ও তৌকীর আহমেদের মতো বান অভিনেতারা। সিনেমার শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন