অক্টোবর ২৯, ২০২৫, ০৫:৩৭ পিএম
বাংলাদেশের নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তারের সঙ্গে দেখা হয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানার। সম্প্রতি চলমান আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ দেখতে মাঠে এসেছিলেন এই বলিউড তারকা। সেখানেই মারুফার সঙ্গে তার দেখা হয়। আজ বুধবার (২৯ অক্টোবর) মারুফা নিজেই আয়ুষ্মানের সঙ্গে তোলা একটি ছবি তার ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন, যা দ্রুতই ভাইরাল হয়ে যায়।
আয়ুষ্মান খুরানা ইউনিসেফ ভারতের জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে ম্যাচটি দেখতে মাঠে উপস্থিত ছিলেন। শিশুদের অধিকারের প্রতি নিজের সমর্থন জানাতে এবং ইউনিসেফ ও আইসিসির যৌথ ক্যাম্পেইনকে উৎসাহিত করতেই তিনি মাঠে আসেন। ম্যাচ শুরুর আগে বিশ্বকাপের ট্রফি নিয়ে একটি ফটোসেশনেও অংশ নেন তিনি। এই সময়েই বাংলাদেশের তরুণ পেসার মারুফা আক্তারের সঙ্গে তার সাক্ষাৎ হয়।
মারুফার পোস্ট করা ছবিটি প্রকাশের মাত্র চার ঘণ্টার মধ্যেই ৩০ হাজারের বেশি রিঅ্যাকশন পায় এবং অসংখ্য মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স। ছবিতে বাংলাদেশি ভক্তদের পাশাপাশি অনেক ভারতীয়কেও দুই তারকাকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। সত্যজিৎ অধিকারী নামের একজন ভারতীয় ভক্ত মন্তব্য করেন, ‘আমি মারুফাকে সম্মান করি। আমার প্রিয় বোন, ভারত থেকে ভালোবাসা। তুমি সত্যিই আমাদের সবার অনুপ্রেরণা।’
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে আয়ুষ্মান খুরানা ইউনিসেফ ভারতের শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে তার উপস্থিতি ছিল মূলত শিশু অধিকার নিয়ে ইউনিসেফ ও আইসিসির যৌথ অংশীদারিত্বের অংশ। এই অংশীদারিত্বের লক্ষ্য হলো ‘শিশুদের কাছে অঙ্গীকার’ ক্যাম্পেইনের মাধ্যমে প্রতিটি শিশুর অধিকার ও কল্যাণের পক্ষে আওয়াজ তোলা।
আয়ুষ্মানসহ সংশ্লিষ্টরা ক্রিকেট ভক্ত, দর্শক এবং খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা প্রতিটি শিশুর নিরাপদে বেড়ে ওঠা, শিক্ষা গ্রহণ এবং ক্ষমতায়নের অধিকারকে সমর্থন জানাতে ইউনিসেফের সঙ্গে যুক্ত হন। মাঠে দুই দেশের ক্রিকেটীয় লড়াইয়ের মাঝে দুই অঙ্গনের দুই তারকার এই সাক্ষাৎ ভক্তদের মাঝে বাড়তি আলোচনার খোরাক জুগিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন