রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

স্বাস্থ্য সুরক্ষা আইনের খসড়া তৈরিতে উচ্চপর্যায়ের কমিটি গঠন

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১৬, ২০২৬, ০৩:১৯ পিএম

স্বাস্থ্য সুরক্ষা আইনের খসড়া তৈরিতে উচ্চপর্যায়ের কমিটি গঠন

দেশের স্বাস্থ্যসেবা খাতে সবার নিরাপত্তা নিশ্চিতে ‍‍`স্বাস্থ্য সুরক্ষা আইন‍‍` প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। সম্প্রতি স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।কমিটিকে আগামী ২০ কর্মদিবসের মধ্যে আইনের খসড়া প্রস্তুত করতে বলা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল) এই নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সদস্য হিসেবে থাকছেন একই বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা, বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা ও আইন শাখার যুগ্মসচিবগণ এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক)। এছাড়া লেজিসলে ও সংসদ বিষয়ক বিভাগের একজন উপসচিব বা তদূর্ধ্ব পদমর্যাদার প্রতিনিধি এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন। স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব এই কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

গত ৮ জুন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব এবং স্বাস্থ্য ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকদের উপস্থিতিতে ইন্টার্ন ও পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধিদলের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভার যৌথ বিবৃতির আলোকেই এই বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির প্রধান কাজগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য সুরক্ষা আইনের প্রাথমিক খসড়া প্রণয়ন, প্রয়োজনে নতুন সদস্য কো-অপ্ট করা এবং বিভিন্ন অংশীজন ও সংস্থার মতামত গ্রহণ করা। খসড়া প্রস্তুতের পর তা সরাসরি স্বাস্থ্য সেবা বিভাগে জমা দিতে হবে।