মার্চ ১৩, ২০২৬, ০৩:৩১ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে সংসদ সদস্যদের ব্যবহারের জন্য দেওয়া হেডফোনের মান নিয়ে তীব্র সমালোচনা ও অসন্তোষ দেখা দিয়েছে। ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমেদ বিন কাসেমসহ বেশ কয়েকজন সদস্য অভিযোগ করেছেন যে অধিবেশন চলাকালে সরবরাহকৃত হেডফোনগুলো ঠিকভাবে কাজ করছিল না।
এই হেডফোনগুলো মূলত যুক্তরাষ্ট্রের বিখ্যাত অডিও ব্র্যান্ড শিউর-এর তৈরি। মাইক্রোফোন ও অডিও সিস্টেমের জন্য বিশ্বজুড়ে এই ব্র্যান্ডটির সুখ্যাতি থাকলেও সংসদে ব্যবহৃত নির্দিষ্ট মডেলটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ আইনপ্রণেতারা।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে সদস্যদের ব্যবহারের জন্য শিউর ব্র্যান্ডের এসআরএইচ২৪০এ (SRH240A) মডেলের হেডফোন সরবরাহ করা হয়েছে। ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনের তথ্য অনুযায়ী এই হেডফোনটির বাজারমূল্য প্রায় ৬৯ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ৪৫৭ টাকার মতো।
শিউর-এর অন্যান্য উচ্চমানের হেডফোনের তুলনায় এটি বেশ কম মূল্যের একটি প্রাথমিক পর্যায়ের মডেল। একই ব্র্যান্ডের আওনিক ৫০ জেন টু মডেলের দাম যেখানে প্রায় ৪৭ হাজার টাকা সেখানে কম দামী এই মডেলটি কেন সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বেছে নেওয়া হলো তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।সংসদ সদস্য ব্যারিস্টার আরমান এই হেডফোনের মান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি উল্লেখ করেছেন যে নিম্নমানের এই ডিভাইসটি ব্যবহার করতে গিয়ে তার কান থেকে মাথা পর্যন্ত প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে। সাউন্ড কোয়ালিটি অত্যন্ত নিম্নমানের দাবি করে তিনি বলেন যে সংসদের পুরনো অডিও ডিভাইসগুলো সম্ভবত এর চেয়ে পরিষ্কার শব্দ দিত। পুরো বিষয়টি তাকে হতাশ করেছে এবং সংসদীয় কার্যক্রমে মনোযোগ দিতে ব্যাঘাত ঘটিয়েছে। জাতীয় সংসদের অধিবেশনে ভাষণ বা বক্তব্য স্পষ্টভাবে শোনার জন্য এই ধরনের হেডফোন অপরিহার্য হলেও এর কারিগরি মান নিয়ে সংসদ সদস্যদের এই অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এসেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন