সেপ্টেম্বর ১০, ২০২৬, ০৬:৫৯ পিএম
‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬’-এর খসড়া পর্যালোচনার লক্ষ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অংশীজনদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এই কনসাল্টেশন সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।
আইনটিকে আরও যুগোপযোগী ও জনবান্ধব করতে এই মতবিনিময়ের উদ্যোগ নেওয়া হয়। সভায় উপস্থিত গণমাধ্যমের প্রতিনিধি ও অংশীজনরা প্রস্তাবিত আইনের খসড়ার বিভিন্ন ধারা ও উপধারা নিয়ে আলোচনা করেন। ডিজিটাল নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতার মধ্যে ভারসাম্য বজায় রাখার বিভিন্ন দিক সভায় পর্যালোচনা করা হয়। এ সময় অংশীজনদের কাছ থেকে পাওয়া গঠনমূলক মতামত ও পরামর্শ লিখিত ও মৌখিকভাবে গ্রহণ করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।
সভাপতির বক্তব্যে মন্ত্রী উল্লেখ করেন, সংশ্লিষ্ট খাতের মতামতকে গুরুত্ব দিয়েই আইনটি চূড়ান্ত করা হবে। তথ্যপ্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির সাথে সংগতি রেখে একটি কার্যকর আইনি কাঠামো গড়ে তোলার বিষয়েও আলোকপাত করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন