রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

যুক্তরাষ্ট্রকে নতুন শান্তি প্রস্তাব দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৮, ২০২৬, ১০:০০ পিএম

যুক্তরাষ্ট্রকে নতুন শান্তি প্রস্তাব দিল ইরান

চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি ইরানের শান্তি প্রস্তাব পাঠানো হয়েছে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান সংশোধিত এই প্রস্তাবটি ইতোমধ্যে ওয়াশিংটনে পাঠিয়েছে। সোমবার পাকিস্তানের একটি কূটনৈতিক সূত্র আন্তর্জাতিক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।

অবশ্য এই প্রস্তাবের বিস্তারিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।দুই পক্ষের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে কোনো সমঝোতায় আসতে দীর্ঘ সময় লাগবে কি না, এমন প্রশ্নের জবাবে সূত্রটি জানায় যে হাতে বেশি সময় নেই। একই সঙ্গে ক্ষোভ প্রকাশ করে বলা হয়েছে, উভয় দেশই ঘনঘন তাদের অবস্থান ও শর্ত পরিবর্তন করছে। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তেহরানের মতামত পাকিস্তানের মাধ্যমে মার্কিন পক্ষকে জানানো হয়েছে। ওয়াশিংটন তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে যে ধারণা দিয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে ইরান মনে করে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইরানের শান্তি প্রস্তাব অনুযায়ী দেশটি শর্তসাপেক্ষে তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় পাঠাতে রাজি হয়েছে। এছাড়া ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধের অবসান এবং লেবাননসহ সকল রণাঙ্গনে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে তেহরান। পাশাপাশি যুদ্ধের ক্ষয়ক্ষতি বাবদ ক্ষতিপূরণ দাবি এবং হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্বের বিষয়েও জোর দেওয়া হয়েছে। এই প্রস্তাবের দাবিগুলোকে তেহরান দায়িত্বশীল ও উদার বলে উল্লেখ করেছে।

এর আগে গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন যে সময় ফুরিয়ে আসছে এবং দ্রুত পদক্ষেপ না নিলে তাদের আর কিছুই থাকবে না। উল্লেখ্য, ৪০ দিনের তীব্র সংঘাতের পর গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে ১৪ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। আলোচনার সুযোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট পরবর্তীতে এটি বর্ধিত করলেও নতুন এই উত্তেজনা ভঙ্গুর যুদ্ধবিরতিকে নাড়িয়ে দিয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স